নয়া জামানা ডেস্ক : বিপুল মামলার পাহাড় সামাল দিতে বড়সড় পদক্ষেপ করল মোদী সরকার। সুপ্রিম কোর্টে বিচারপতির সংখ্যা ৩৩ থেকে বাড়িয়ে ৩৭ করার প্রস্তাবে মঙ্গলবার সবুজ সঙ্কেত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হওয়া উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ ছয় বছর পর এই বৈঠক হল। শীর্ষ আদালতে বর্তমানে প্রায় ৯২ হাজার মামলা ঝুলে রয়েছে। এই বিচারবিভাগীয় জট কাটাতেই ‘সুপ্রিম কোর্ট (বিচারকের সংখ্যা) সংশোধনী বিল, ২০২৬’ সংসদে পেশ করতে চলেছে কেন্দ্র। সংবিধানের ১২৪(১) অনুচ্ছেদ অনুযায়ী, আইন পাসের মাধ্যমেই শীর্ষ আদালতের কলেবর বৃদ্ধি করা সম্ভব। ১৯৫৬ সালে প্রধান বিচারপতি বাদে বিচারকের সংখ্যা ছিল মাত্র ১০। পর্যায়ক্রমে তা বেড়ে ২০১৯ সালে ৩৩-এ দাঁড়িয়েছিল। এবার সেই সংখ্যাই ৩৭ করার অনুমোদন দিল মন্ত্রিসভা। ফলে প্রধান বিচারপতিকে নিয়ে সর্বোচ্চ আদালতের মোট সদস্য সংখ্যা হচ্ছে ৩৮। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, নতুন বিচারপতিদের বেতন ও সহায়ক কর্মীদের যাবতীয় খরচ সরকারি তহবিল থেকেই মেটানো হবে। মামলার চাপ কমাতে ১৯৫০ সালের পর থেকে ধাপে ধাপে এই সংখ্যা বাড়ানো হয়েছে। এ প্রসঙ্গে কেন্দ্র জানিয়েছে, বিচারপ্রক্রিয়ার গতি ত্বরান্বিত করতেই এই সিদ্ধান্ত। সংসদীয় সিলমোহর পেলেই শীর্ষ আদালতে আরও চারজন নতুন বিচারপতির যোগ দেওয়া নিশ্চিত হবে। এর বাইরেও রয়েছেন বিচারপতি সূর্য কান্ত। আদালত সূত্রের খবর, মামলার বোঝা কমাতে এটিই কেন্দ্রের ‘বড় সিদ্ধান্ত’।
সিউড়ি জেলা আদালতে ফের হুমকি মেল, চাঞ্চল্য; তল্লাশিতে পুলিশ ও বোম্ব স্কোয়াড