তারিক আনোয়ার, নয়া জামানা, বীরভূম: বার কাউন্সিলের নির্বাচন চলাকালীনই ফের হুমকি মেল ঘিরে চাঞ্চল্য ছড়াল সিউড়ি জেলা আদালতে। সোমবার সকালে আদালত কর্তৃপক্ষের কাছে একটি ই-মেলের মাধ্যমে হুমকির বার্তা পৌঁছায় বলে জানা গেছে। বিষয়টি জানাজানি হতেই তৎপর হয়ে ওঠে জেলা পুলিশ। সঙ্গে সঙ্গেই আদালত চত্বরে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা। আদালতের বিভিন্ন এজলাস, অফিস কক্ষ ও গুরুত্বপূর্ণ অংশে তল্লাশি চালায় পুলিশ এবং বোম্ব ডিসপোজাল স্কোয়াড। গোটা আদালত চত্বর ঘিরে কড়া নজরদারি শুরু করা হয় এবং সাধারণ মানুষের যাতায়াতেও কিছুটা নিয়ন্ত্রণ আনা হয়।
জানা গেছে, এর আগেও গত ২৫ ফেব্রুয়ারি সিউড়ি জেলা আদালতে একই ধরনের একটি হুমকি মেল এসেছিল। সেই ঘটনার পরেই আদালত চত্বরে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। যদিও তখন কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি। তবে অল্প সময়ের ব্যবধানে ফের একই ধরনের হুমকি মেল আসায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে আইনজীবী, আদালত কর্মচারী ও সাধারণ মানুষের মধ্যে।
এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের বক্তব্য তামিলনাড়ুতে একসময় এই ধরনের হুমকি মেলকে হালকাভাবে নেওয়া হয়েছিল। পরে সেখানে একটি দুর্ঘটনাও ঘটে। তাই এই ধরনের ঘটনাকে কোনওভাবেই হালকাভাবে নেওয়া উচিত নয়। পুলিশ ইতিমধ্যেই বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে।
অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, উদয় শংকর ব্যানার্জি বলেছেন এই ঘটনার সঙ্গে জামাতি সংগঠনের যোগ থাকতে পারে। তাদের বক্তব্য, জয় বাংলা স্লোগানটি ভারতের নয়, এটি বাংলাদেশের। অনুব্রত মণ্ডলের মতো কিছু মানুষ এটিকে এখানে আমদানি করেছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় হিন্দু মন্দির ভাঙচুর এবং হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগও তুলেছে বিজেপি নেতৃত্ব। বিশেষ করে মুর্শিদাবাদ, মোরারই ও নলহাটির মতো এলাকায় এই ধরনের ঘটনা ঘটছে বলে দাবি তাদের।বিজেপির পক্ষ থেকে জেলা পুলিশের সুপারের কাছে পুরো ঘটনার নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে। পাশাপাশি দ্রুত দোষীদের গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও তোলা হয়েছে।
এদিকে বারবার এই ধরনের হুমকি মেল আসায় সিউড়ি জেলা আদালত চত্বরের পরিবেশে উদ্বেগ ও আতঙ্কের আবহ তৈরি হয়েছে। আইনজীবী, আদালত কর্মচারী থেকে শুরু করে মামলার কাজে আসা সাধারণ মানুষও এই ঘটনায় যথেষ্ট চিন্তিত হয়ে পড়েছেন। যদিও পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে, পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে এবং পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।