উত্তম সিংহ, নয়া জামানা, ফাঁসিদেওয়া: ভোট দিতে এসে এক বয়স্ক মহিলা ভোটারকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হল ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের ১৫৪ নম্বর বুথে। জুনিয়র বেসিক স্কুলের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
অভিযোগ, প্রিসাইডিং অফিসার সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পরও বিজেপির এক পোলিং এজেন্ট ওই বৃদ্ধ ভোটারকে বুথের ভেতর থেকে বের করে দেন। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফাঁসিদেওয়া থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
জানা যায়, ওই ভোটারের নাম জোসিনা খাতুন। তিনি তাঁর ছেলের সঙ্গে ভোট দিতে এসেছিলেন। পরিবার সূত্রে জানা যায়, গত কয়েক বছর ধরে তিনি মানসিকভাবে দুর্বল থাকলেও প্রতি নির্বাচনে পরিবারের সহায়তায় ভোট দিয়ে আসছেন।
ঘটনার পর কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা উদ্যোগ নিয়ে ওই বৃদ্ধাকে পুনরায় বুথে নিয়ে যান এবং তাঁর ভোটদান নিশ্চিত করেন। এরপর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।
এ বিষয়ে দায়িত্বে থাকা সেক্টর অফিসারের কাছে জানতে চাওয়া হলে তিনি সাংবাদিকদের সামনে মন্তব্য করতে চাননি।
ভোটের অধিকার কাড়তে গিয়েও ব্যর্থ এজেন্ট, জওয়ানদের তৎপরতায় গণতন্ত্র রক্ষা।
নন্দীগ্রামে বুথ এজেন্ট নিয়ে তুমুল বিতর্ক, মুখোমুখি তৃণমূল-বিজেপি