নয়া জামানা ৷৷ উত্তরবঙ্গ ব্যুরো: প্রথম দফার ভোটে উত্তরবঙ্গ জুড়ে ধরা পড়ল বিপরীত ছবি। কোথাও ইভিএম বিকল, কোথাও বুথ জ্যাম, আবার কোথাও মানবিকতার নজির।
শিলিগুড়ির জগদীশচন্দ্র প্রাথমিক বিদ্যালয়ের ২৩৫ নম্বর বুথে প্রথম ভোটারের ভোট আগেই পড়ে যাওয়ার অভিযোগ। বিজেপি প্রার্থী শংকর ঘোষের হস্তক্ষেপে নড়েচড়ে বসে কমিশন। তুফানগঞ্জের রবীন্দ্রনগরে ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। মানসাইয়ে বুথ জ্যামের পাল্টা অভিযোগে রণক্ষেত্র এলাকা।
মাথাভাঙ্গায় চাঞ্চল্য ইভিএম ঘিরে। ২৬১ নম্বর বুথে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নামে কালো টেপ সাঁটার অভিযোগে এক ঘণ্টা ভোট বন্ধ। পুনর্নির্বাচনের দাবি বিজেপির। তৃণমূল বলছে প্রযুক্তিগত ত্রুটি। কোচবিহারের ঘুঘুমারিতে তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিককে বুথে ঢুকতে বাধা সিআরপিএফের। পক্ষপাতের অভিযোগে সরব শাসকদল।

ফাঁসিদেওয়ার জামাতুল্লা জোতে ৩ ঘণ্টা ইভিএম বিকল থাকায় ভোগান্তি ভোটারদের। খড়িবাড়ির হাওদাভিটায় মানবিক মুখ কেন্দ্রীয় বাহিনীর। অসুস্থ-বৃদ্ধদের কোলে করে বুথে পৌঁছে দিলেন জওয়ানরা।
ধূপগুড়িতে লক্ষ্মীর ভান্ডারের টাকায় কেনা হলুদ শাড়ি পরে ভোট দিলেন মহিলারা। ফালাকাটায় মডেল পোলিং স্টেশন হয়ে গেল মডেল পুলিশ স্টেশন। বানান বিভ্রাটে হাসাহাসি।
এর মধ্যেই আলিপুরদুয়ারে উৎসবের আমেজে রেকর্ড ৯০ শতাংশের বেশি ভোট। কুমারগ্রামে সর্বোচ্চ ৯২.৬০ শতাংশ। ভোটের দিনেই কোচবিহারে বিজয় মিছিলের ডাক তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিকের।
গণতন্ত্রের এই পরীক্ষায় কোথাও জয়ী হল মানুষের জেদ, কোথাও প্রশ্নের মুখে কমিশনের প্রস্তুতি।
উত্তপ্ত বাংলার ভোট ময়দান, কোথাও কনভয়ে হামলা, কোথাও ফাটল মাথা কমিশনে জমা পড়ল অভিযোগের পাহাড়