নয়া জামানা ডেস্ক : রবিবার ও সোমবার পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কালবৈশাখীর আশঙ্কা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার দক্ষিণবঙ্গের পাঁচটি জেলায় ঘণ্টায় প্রায় ৭০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে বলে হলুদ সতর্কতা জারি করে আবহাওয়া অফিস । মঙ্গলবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টি চলবে বলে পূর্বাভাস।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, রবিবার দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে। দিনভর আংশিক মেঘলা আকাশের পাশাপাশি ঘুমোট গরমের পরিস্থিতি বজায় থাকতে পারে। তবে বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায়। এর ফলে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
সোমবার দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতাতেও সোমবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এসব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কা থাকবে। বুধবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তাই আগামী কয়েকদিন আবহাওয়া অস্থির থাকতে পারে বলে সতর্ক করেছে প্রশাসন।
কালবৈশাখীর দাপটে লণ্ডভণ্ড উত্তরবঙ্গ, বজ্রাঘাত-শিলাবৃষ্টি থেকে অগ্নিকাণ্ডে বিপর্যস্ত জনজীবন