নয়া জামানা:কলকাতায় পা রেখেই চমক দিলেন বলিউড তারকা সানি দেওল।‘বাটোয়ারা ১৯৪৭’-এর প্রচারে শহরে এসেই সোজা ভবানীপুরের ঐতিহাসিক নেতাজি ভবনে হাজির অভিনেতা।আর সেখানে তাঁকে সঙ্গ দিলেন নেতাজির নাতি তথা অধ্যাপক সুগত বসু।
নেতাজির স্মৃতিবিজড়িত বাড়ির আনাচে-কানাচে ঘুরে দেখেন সানি। নেতাজির ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, ঐতিহাসিক স্মারক থেকে শুরু করে তাঁর ব্যবহৃত গাড়ি সবই গভীর আগ্রহে দেখেন অভিনেতা।

ক্যামেরাবন্দি করেন একাধিক মুহূর্ত।পরে সেই ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়াতেও ভাগ করে নেন তিনি।শুধু নেতাজি ভবনই নয়, কলকাতায় এসে ভিক্টোরিয়া মেমোরিয়ালও ঘুরে দেখেন সানি।শহরের চেনা হলুদ ট্যাক্সির সামনে দাঁড়িয়ে ছবিও তোলেন বলিউডের ‘অ্যাকশন হিরো’।দেশাত্মবোধক সিনেমায় সানি দেওলের আলাদা পরিচিতি রয়েছে। ‘বর্ডার’, ‘গদর’ থেকে শুরু করে তাঁর সাম্প্রতিক ছবিগুলিতেও বারবার উঠে এসেছে দেশপ্রেমের আবেগ।এবার ১৯৪৭-এর দেশভাগের প্রেক্ষাপটে তৈরি ‘বাটোয়ারা ১৯৪৭’-এ তাঁকে দেখা যাবে আরও এক ভিন্ন অবতারে।
রাজকুমার সন্তোষী পরিচালিত এই পিরিয়ড ড্রামাটি ১৪ অগাস্ট বড়পর্দায় মুক্তির কথা। ছবির প্রযোজনায় রয়েছেন আমির খান।সানির সঙ্গে অভিনয় করেছেন প্রীতি জিন্টা, শাবানা আজমি, করণ দেওল, আলি ফজল,অভিমন্যু সিং-সহ একঝাঁক তারকা।
স্বাধীনতা দিবসের আবহে মুক্তির আগে ছবির প্রচারে ব্যস্ত সানি।আর সেই প্রচারের মাঝেই নেতাজির বাড়িতে তাঁর এই সফর ঘিরে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।
তবে একই দিনে ইমরান হাশমির ‘আওয়ারাপন ২’-ও মুক্তির কথা।ফলে স্বাধীনতা দিবসের আবহে বক্স অফিসে দুই ছবির লড়াই কোন দিকে মোড় নেয় এখন সেটাই দেখার।