নয়া জামানা,কলকাতা:বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস,যৌন নির্যাতন ও ব্ল্যাকমেলের অভিযোগ।এক ডাক্তারি পড়ুয়ার দায়ের করা মামলায় গ্রেপ্তার হলেন বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল। মঙ্গলবার কলকাতা হাই কোর্টের নির্দেশের পরই তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানা গিয়েছে।অভিযোগকারিণীর দাবি,প্রায় সাড়ে তিন বছর ধরে অভিষেকের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল।তাঁদের বিয়ের কথাও ঠিক হয়েছিল।কিন্তু প্রায় দেড় বছর আগে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়।সেই সময় বিষয়টি থানায় পৌঁছলেও অভিযোগ দায়ের করেননি ওই তরুণী।
এরপর গত জুন মাসে মায়ের সঙ্গে মগরা থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগে ধর্ষণ,বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস,যৌন নির্যাতন এবং ব্ল্যাকমেলের মতো একাধিক গুরুতর ধারায় মামলা করা হয়।অভিযোগের পর থেকেই তদন্তে নামে পুলিশ।অন্যদিকে,শুরু থেকেই তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিষেক।তাঁর দাবি,তিনি ভালো খেলছেন বলেই তাঁকে ঘিরে এমন অভিযোগ তোলা হচ্ছে।এই মামলায় গত ১৯ জুলাই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। তদন্ত আরও সক্রিয় করার পাশাপাশি অভিষেকের ফোন, ল্যাপটপ-সহ বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়।অভিযোগকারিণীর কিছু আপত্তিকর ছবি ও ভিডিও অভিষেকের কাছে রয়েছে বলেও মামলায় দাবি করা হয়েছে।সেগুলি যাতে প্রকাশ্যে না আসে তা নিশ্চিত করতেও প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছে আদালত।মঙ্গলবার মামলার শুনানিতে অভিষেককে গ্রেপ্তারের নির্দেশ দেয় হাই কোর্ট।ফলে মাঠের পারফরম্যান্সের মধ্যেই গুরুতর আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন দিল্লি ক্যাপিটালসের এই উইকেটকিপার-ব্যাটার। তবে অভিযোগগুলির সত্যতা প্রমাণিত হওয়া এখনও বাকি।