নয়া জামানা,বীরভূম: মল্লারপুর থানার পুলিশের বড়সড় সাফল্য। বিশেষ সূত্রে খবর পেয়ে মল্লারপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল গোছায়ের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালায়।অভিযানে মল্লারপুর থানার অন্তর্গত মাঝারিপাড়া গ্রামের হাটতলা পাড়ার একটি দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ওই একই দোকানে গিফট সামগ্রী, কাশা-পিতলের জিনিসপত্র এবং উদ্ধার হওয়া গাঁজা একসঙ্গেই রাখা ছিল। এই ঘটনায় দোকানের মালিক বাবলু শেখ-কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর আসে যে ওই দোকানে অবৈধভাবে মাদক মজুত রাখা হয়েছে। সেই তথ্যের ভিত্তিতেই বিশেষ তল্লাশি অভিযান চালানো হয়। অভিযানে দোকানের বিভিন্ন অংশে তল্লাশি চালিয়ে প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, গিফট ও কাশা-পিতলের সামগ্রীর ব্যবসার আড়ালেই দীর্ঘদিন ধরে মাদকের কারবার চলছিল। যদিও সেই বিষয়ে তদন্ত এখনও চলছে।অভিযানের পরই দোকানের মালিক বাবলু শেখকে আটক করে গ্রেপ্তার করা হয়। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেছে মল্লারপুর থানার পুলিশ। সোমবার ধৃতকে প্রথমে মল্লারপুর স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে পরে সিউড়ি আদালতে তোলা হয়। এই মাদক চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, উদ্ধার হওয়া গাঁজার উৎস কোথায় এবং এর সঙ্গে বৃহত্তর কোনো পাচারচক্রের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে মল্লারপুর থানার পুলিশ।