নয়া জামানা, মালদহ: শহরের বুকে ফের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল।এবার নিশানায় এক সত্তরোর্ধ বৃদ্ধার বাড়ি।ইংরেজবাজার থানার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডের মহেশমাটি শরৎপল্লী এলাকায় রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটে।জানা গিয়েছে, কৃষ্ণা মিশ্র নামে ৭৫ বছরের এক বৃদ্ধা বাড়িতে একাই থাকতেন।প্রতিদিনের মতো রবিবার রাতেও তিনি ঘুমিয়ে পড়েন।ভোররাতে আচমকাই ঘুম ভাঙতেই চোখে পড়ে ঘরের জানালা ভাঙা।ঘরের ভিতরে ঢুকেই তিনি দেখেন সব কিছু লন্ডভন্ড হয়ে রয়েছে। আলমারি ও শোকেস খুলে দুষ্কৃতীরা সোনার গয়না, নগদ টাকা এবং অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দিয়েছে।খবর পেয়ে পাশের ফ্ল্যাটে থাকা বৃদ্ধার মেয়ে অনিতা মিশ্র ছুটে আসেন। ঘটনার ভয়াবহতা দেখে আতঙ্কিত হয়ে পড়েন তিনিও। তাঁর অভিযোগ,বৃদ্ধা জেগে উঠলে আরও বড় কোনও বিপদ ঘটতে পারত।ঘটনার পরই ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। এলাকায় একা বসবাসকারী প্রবীণদের নিরাপত্তা নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।
নাম বাদ গেলে বাড়িতে হামলার আতঙ্ক ,মুর্শিদাবাদে মৃত্যু মহিলা বিএলও-র, চাঞ্চল্যকর অভিযোগ ছেলের