আমিনুর রহমান, নয়া জামানা, বর্ধমান: বর্ধমান লায়ন্স ক্লাবের সদস্য তথা বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের সদ্য নির্বাচিত বিধায়ক মৌমিতা বিশ্বাস মিশ্রকে এক বিশেষ অনুষ্ঠানে সংবর্ধনা জানাল তাঁর নিজের ক্লাব। রবিবার রাতে আয়োজিত এই মনোজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিধায়ক স্পষ্ট জানান, তিনি ক্লাবের সদস্য ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। সেই সঙ্গে লায়ন্স ক্লাবের সমস্ত রকম সেবামূলক ও মানবিক কাজে সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন তিনি। দীর্ঘ ৬০ বছর ধরে বর্ধমান লায়ন্স ক্লাব চক্ষু চিকিৎসা, শিশুদের স্বাস্থ্য পরিষেবা, কর্মসংস্থান এবং মহিলাদের স্বনির্ভর করার মতো নানা সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিদিন কয়েকশো সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে আসছে। বিধানসভায় শপথ গ্রহণের পর নিজের ক্লাবে এসে এই সম্মাননা পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন বিধায়ক। ক্লাবের নিঃস্বার্থ সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করে তিনি নিজেকে এই ক্লাবের সদস্য হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করেন।
অনুষ্ঠানে বিধায়কের হাতে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানান ক্লাবের সভাপতি রাজকুমার সাহানা। এ ছাড়া উপস্থিত ছিলেন আগামী বছরের মনোনীত সভাপতি কাঞ্চন সোম, বিশিষ্ট সমাজসেবী মহম্মদ আসরাফউদ্দিন (বাবু) এবং প্রাক্তন সভাপতি প্রসেনজিৎ দত্তসহ ক্লাবের অন্যান্য প্রবীণ ও নবীন সদস্যরা। সভাপতি রাজকুমার সাহানা আশাপ্রকাশ করে বলেন, বিধায়ক যেহেতু তাঁদেরই ক্লাবের সদস্য এবং সমস্ত কাজ সম্পর্কে অবগত, তাই সাধারণ মানুষের স্বার্থে তাঁর সহযোগিতা নিশ্চিতভাবেই পাওয়া যাবে।