নয়া জামানা, ডেস্ক : চলতি বছরের আন্তর্জাতিক কান চলচ্চিত্র উৎসবে হাজির হয়েছিলেন বলিউডের প্রথম সারির তারকা অভিনেত্রী আলিয়া ভাট। তবে কানের লালগালিচায় তিনি নাকি পাত্তা পাননি—সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পোষ্ট ও ভিডিওর মাধ্যমে এমনটাই উঠে আসছে। অনেকে এ নিয়ে আলিয়াকে খোঁচা দিতেও ছাড়েননি। অনেকে তাঁর ইনস্টাগ্রাম পোস্টের মন্তব্যের ঘরেও কটু কথা বলতে ছাড়েননি। কানে উপস্থিতি নিয়ে যখন অনলাইনে তাঁকে কটাক্ষ করা হচ্ছিল, তখন একটি মন্তব্যের উত্তরে আলিয়ার সংযত প্রতিক্রিয়াই এখন ভাইরাল।সম্প্রতি ইনস্টাগ্রামে নিজের কাস্টম আইভরি সিল্ক শাড়ি–গাউনের লুক নিয়ে একটি রিল পোস্ট করেন আলিয়া। সেই পোস্টে এক ব্যবহারকারী মন্তব্য করেন, ‘কী দুঃখজনক, কেউ তোমাকে খেয়ালই করেনি।’ সঙ্গে ছিল হাসির ইমোজি। জবাবে আলিয়া লেখেন, ‘দুঃখ কেন? তুমি তো আমাকে খেয়াল করেছ।’আলিয়ার এই উত্তরের পর সমালোচকরা যেন একেবারে হতবাক। যদিও নিজের ভক্তদের প্রতি যথেষ্ট প্রাণবন্ত আলিয়া। তবে এই পোস্টটিকে ঘিরে আলিয়ার উত্তরটি একেবারে তাক লাগিয়েছে। তাই ভক্তরা লিখছেন, ‘এ কারণেই মানুষ হিংসা করছে, কারণ প্রতিটি লুকেই সে দারুণ ছিল।’ আরেকজনের মন্তব্য, ‘আউটফিট আর রিপ্লাই—দুটিই অসাধারণ।’ কেউ আবার লিখেছেন, ‘ভদ্রভাবেই দারুণ জবাব দিলেন।’এদিকে আলিয়ার পাশে দাঁড়িয়েছেন তাঁর শাশুড়ি নীতু কাপুর। ট্রলের মধ্যেই পুত্রবধূর প্রশংসায় শাশুড়ি মা নীতু কাপুর।ইনস্টাগ্রাম স্টোরিতে আলিয়া কান লুকের ছবি পোস্ট করে লিখেছেন, ‘পারফেকশন’। কানের লালগালিচায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলিয়াকে আমল দেয়নি, এই চর্চায় যখন নেটভুবন মগ্ন, তখন ইন্ডাস্ট্রির সতীর্থের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা অ্যালি গোনি ও রাহুল বৈদ্য। সমালোচকদের উদ্দেশ্যে ইনস্টা স্টোরিতে রাহুল লিখেছেন, ‘যাঁদের নিজেদের কোনো যোগ্যতা নেই, তাঁরাই রাতারাতি ফ্যাশন ক্রিটিক, কানের বিশ্লেষক হয়ে উঠেছেন। আলিয়া তো আন্তর্জাতিক মঞ্চে ভারতকে উপস্থাপন করছেন। আত্মবিশ্বাসের সঙ্গে তাঁর উপস্থিতি সত্যিই অসাধারণ। সব সময় আওয়াজ তুলে নিজের মূল্যবোধ প্রমাণ করা যায় না।’আরও যোগ করেছেন, ‘প্রকৃত তারকারা কখনো কারও অ্যাটেনশন ভিক্ষা করে না, সেটা অর্জন করে নেয়। কারও সম্পর্কে নেতিবাচক মন্তব্য করে সাময়িক আনন্দ বা সাফল্য পাওয়া যায়, সেটা কখনোই দীর্ঘস্থায়ী হয় না। বিশ্বমঞ্চে ভারতীয়দের নিন্দা না করে তাঁদের সাফল্য উদ্যাপন করা উচিত।’