নয়া জামানা, কলকাতা: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর এবার খাস কলকাতায় শুরু হলো ‘বুলডোজার অ্যাকশন’। নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী একাধিকবার বেআইনি নির্মাণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিলেন। আর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরই তাঁর সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ পেতে শুরু করেছে। বৃহস্পতিবার সকালে গড়িয়ার মিতালি সংঘের মাঠ সংলগ্ন একটি বিতর্কিত ক্লক টাওয়ার ভাঙার কাজ শুরু করে কলকাতা পুরসভা। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
স্থানীয় সূত্রে খবর, ২০২৩ সালে তৎকালীন মন্ত্রী অরূপ বিশ্বাসের উদ্যোগে এই ক্লক টাওয়ারটি নির্মিত হয়েছিল। অভিযোগ ছিল, নিয়মবহির্ভূতভাবে গায়ের জোরে এটি তৈরি করা হয়েছে। বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টে মামলা হলে আদালত এটি ভেঙে ফেলার নির্দেশ দিলেও তৎকালীন সরকারের অসহযোগিতায় তা কার্যকর হয়নি বলে অভিযোগ। তবে বৃহস্পতিবার আদালতের সেই পুরনো নির্দেশ মেনেই বুলডোজার নামানো হয়। এই অভিযানে খুশি স্থানীয় বাসিন্দারা।
অন্যদিকে, তিলজলার একটি অগ্নিদগ্ধ বেআইনি বহুতল ভাঙার কাজও শুরু হয়েছে। এদিন বিকেলে সেখানে যান আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকি। কেন্দ্রীয় বাহিনী তাঁকে বাধা দিলেও পরে তিনি পরিস্থিতি শান্ত করেন। তিনি জানান, বেআইনি নির্মাণের বিরুদ্ধে তিনিও একমত, তবে তা যেন হঠাৎ করে গরিব উচ্ছেদে পরিণত না হয়। এদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাই কোর্টে আইনজীবীর পোশাকে সওয়াল করে রাজ্যে এই বুলডোজার সংস্কৃতির বিরোধিতা করেছেন। তবে প্রশাসনের কঠোর অবস্থানের জেরে শহরের বিভিন্ন প্রান্তে অবৈধ নির্মাণ ভাঙার কাজ অব্যাহত রয়েছে।