নয়া জামানা ডেস্ক : রাজ্যে বিজেপিকে রুখতে বৃহত্তর বিরোধী মঞ্চ গড়ার ডাক দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জী। আর সেই আবহেই তীব্র কটাক্ষ শানালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তাঁর দাবি, আগামী দিনে তৃণমূল নেত্রীকে কংগ্রেস ও রাহুল গান্ধী-র কাছেই হাতজোড় করে দাঁড়াতে হবে।
শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। একই দিনে কালীঘাটের বাড়ির সামনে রবীন্দ্রজয়ন্তীর অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিজেপির বিরুদ্ধে বৃহত্তর বিরোধী ঐক্যের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাম, অতিবাম দল থেকে শুরু করে ছাত্র-যুব সংগঠনগুলির কাছেও তিনি সহযোগিতার আবেদন জানান। পাশাপাশি বিকেল ৪টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত আলোচনার জন্য তিনি উপলব্ধ থাকবেন বলেও জানান।
এই প্রসঙ্গে অধীর চৌধুরীর কটাক্ষ, “বামেদের সরানোর সময় নকশালদের সঙ্গে বন্ধুত্ব করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আবার বাঁচাও বাঁচাও বলে সকলকে ডাকছেন। হুঁকে পড়লে বিড়াল গাছে ওঠে।” পাশাপাশি তিনি বলেন, ভবিষ্যতে রাহুল গান্ধী ও কংগ্রেসের কাছেই সাহায্য চাইতে হবে তৃণমূল নেত্রীকে।
মমতার বৈঠকের আহ্বান নিয়েও ব্যঙ্গ করেন অধীর। তাঁর মন্তব্য, বিকেল ৪টে থেকে ৬টার মধ্যে কারা তৃণমূল নেত্রীর সঙ্গে দেখা করতে যান, তা তিনি দেখতে চান।
এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জী-কেও নিশানা করেন অধীর চৌধুরী। তিনি বলেন, “অভিষেকের বাড়ি এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। মানুষ তাঁর বাড়ি দেখতে যাচ্ছেন। ভবিষ্যতে মমতার বাড়িও মিউজিয়াম হয়ে যাবে।”
একইসঙ্গে বিজেপি সরকারকেও সতর্কবার্তা দিয়েছেন প্রদেশ কংগ্রেসের এই বর্ষীয়ান নেতা। তাঁর কথায়, ক্ষমতায় আসার আগে বিজেপি যে প্রতিশ্রুতিগুলি দিয়েছে, তা পূরণ করতে হবে। অন্যথায় তৃণমূল সরকারের মতো বিজেপি সরকারকেও জনগণ প্রত্যাখ্যান করবে।