রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি : ময়নাগুড়ি ব্লক সার ও কৃষি উপকরণ কল্যাণ সমিতির উদ্যোগে ময়নাগুড়ির নবনির্বাচিত বিধায়ক ডালিমচন্দ্র রায়কে সংবর্ধনা জানানো হল। বৃহস্পতিবার ময়নাগুড়ি বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন সার কোম্পানির ডিলার ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সমিতির পক্ষ থেকে ফুল, উত্তরীয় ও স্মারক তুলে দিয়ে নব বিধায়ককে সম্মানিত করা হয়।
সংবর্ধনা পেয়ে আপ্লুত ডালিমচন্দ্র রায় বলেন, ময়নাগুড়ির সার্বিক উন্নয়নে তিনি সর্বশক্তি দিয়ে কাজ করবেন। শপথ গ্রহণের পরেই এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের একটি সুস্পষ্ট তালিকা তৈরি করে তা ধাপে ধাপে বাস্তবায়নের আশ্বাস দেন তিনি। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কৃষিভিত্তিক উন্নয়ন তাঁর অগ্রাধিকারের তালিকায় থাকবে বলেও জানান বিধায়ক।
ময়নাগুড়ি সার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে সিদ্ধার্থ সরকার বলেন, সমিতির একজন সদস্য তথা প্রাক্তন কর্মকর্তা আজ বিধানসভার সদস্য হওয়ায় আমরা গর্বিত। শপথ গ্রহণের পর সমিতির বিভিন্ন দাবি ও সমস্যার কথা বিধায়কের কাছে তুলে ধরা হবে বলে তিনি জানান। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট সার ব্যবসায়ীরা আশা প্রকাশ করেন, নতুন বিধায়কের নেতৃত্বে ময়নাগুড়িতে কৃষি ও ব্যবসা ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আসবে।
এদিনের অনুষ্ঠানে ময়নাগুড়ির বিশিষ্ট সার ব্যবসায়ী নৃপেন চাকি, কাজল চাকি, সিদ্ধার্থ সরকার-সহ জেলার বিভিন্ন প্রান্তের সার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।