নয়া জামানা , মধ্যমগ্রাম: উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর গুলিকাণ্ডে খুন হলেন শুভেন্দু অধিকারী-র আত্মসহায়ক চন্দ্রনাথ রথ। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। গুরুতর জখম হয়েছেন গাড়ির চালকও। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে গাড়িতে করে কোথাও যাচ্ছিলেন চন্দ্রনাথ রথ। সেই সময় মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় আচমকাই একটি বাইকে করে দুই দুষ্কৃতী এসে তাদের গাড়ির সামনে দাঁড়ায়। অভিযোগ, কোনও কথা না বলেই খুব কাছ থেকে চন্দ্রনাথ রথকে লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি তাঁর মাথায় লাগে বলে অভিযোগ। ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন।
গুলির শব্দ শুনে আশপাশের মানুষ ছুটে এলে দুষ্কৃতীরা দ্রুত বাইকে চেপে এলাকা ছেড়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় চন্দ্রনাথ রথ ও গাড়ির চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন। চালকের শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিরোধী শিবিরের পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। কেন এই হামলা, এর পিছনে কোনও রাজনৈতিক যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।