নয়া জামানা, কলকাতা : ‘এ যেন আমার এক তীর্থযাত্রা’। বাংলার ভোটপ্রচার শেষে ঠিক এইভাবেই নিজের অভিজ্ঞতার কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার প্রচারের শেষলগ্নে এআই প্রযুক্তিতে তৈরি এক অডিয়োবার্তায় পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশে তিনি দাবি করেন, এবার বাংলায় পরিবর্তন নিশ্চিত। ৪ মার্চ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর রাজ্যে প্রথম বিজেপি সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তিনি অত্যন্ত আশাবাদী। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ৭ মিনিট ৩৮ সেকেন্ডের সেই অডিয়োবার্তায় মোদী বলেন, ‘গণতন্ত্রের মন্দিরে বিজয়পতাকা ওড়ানোর এক অসাধারণ সুযোগ আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে।’ ২৯ এপ্রিলের ভোটারদের কাছে তাঁর বিশেষ আবেদন, এদিন যেন ভোটদানের সমস্ত পুরনো রেকর্ড ভেঙে যায়। প্রধানমন্ত্রীর দাবি, এই দীর্ঘ প্রচার পর্বেও তিনি বিন্দুমাত্র ক্লান্তি অনুভব করেননি। বরং মা কালীর ভক্তদের আশীর্বাদে তিনি নতুন শক্তিতে উজ্জীবিত হয়েছেন। অযোধ্যায় রামলালার প্রাণপ্রতিষ্ঠার আগে যে দৈব শক্তির সঞ্চার তিনি নিজের মধ্যে অনুভব করেছিলেন, বাংলার জনসভাতেও সেই একই অনুভূতির পুনরাবৃত্তি হয়েছে বলে তাঁর দাবি। তৃণমূলের নাম না করে মোদী সরাসরি তোপ দাগেন রাজ্যের বর্তমান পরিস্থিতির ওপর। সাধারণ মানুষকে সাহস জুগিয়ে তিনি বলেন, ‘অনেক ভয় দেখিয়েছে, এখন আর ভয় নয় ভরসা চাই। বাংলাকে সুরক্ষিত রাখা আমার পরম দায়িত্ব।’ তাঁর মতে, বাংলার যুবসমাজ আজ উন্নয়নের জন্য মুক্ত আকাশ চায় এবং নাগরিকরা চায় নিরাপত্তা। উন্নত ও বিকশিত পশ্চিমবঙ্গ গড়ার যে অঙ্গীকার তিনি করেছেন, তা পূরণে এবার পরিবর্তন আনা জরুরি। প্রধানমন্ত্রীর কথায়, ‘বাংলার যুবসমাজ এগিয়ে যাওয়ার জন্য উন্মুক্ত প্রাঙ্গণ চায়। বাংলার নাগরিক সুরক্ষা চায়। এখন পরিবর্তন করেই ছাড়তে হবে।’ বিজেপির এই নির্বাচনী রোডম্যাপে যুবসমাজের কর্মসংস্থান ও উন্নয়নের প্রতিশ্রুতি বারবার উঠে এসেছে। মোদীর দাবি, প্রথম দফার ভোট ইতিমধ্যেই ইতিহাস তৈরি করে ফেলেছে। এবার ২৯ এপ্রিল শেষ দফার পরীক্ষায় রাজ্যের মানুষকে বিপুল সংখ্যায় অংশগ্রহণের ডাক দিয়েছেন তিনি। গণতন্ত্রের এই উৎসবে শামিল হয়ে বাংলার মানুষ যাতে নিজেদের অধিকার প্রয়োগ করেন, সেই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী। ৪ মার্চের পর এক নতুন ভোরের প্রত্যাশায় তিনি এখন অধীর অপেক্ষায়।
‘ফর্ম-৬’ দিয়ে ভিন রাজ্যের ভোটার ঢুকছে, বিজেপিকে বিঁধে জ্ঞানেশকে চিঠি মমতার
|ভোটপ্রচার| প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী| বিধানসভা নির্বাচনের |