উমার ফারুক, নয়া জামানা,মালদা: নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে জীবনের পথচলা থেমে গেল। গণতন্ত্রের মহোৎসবে এমন বেদনাবিধুর ঘটনাটি ঘটেছে
মালদহের মালতিপুর বিধানসভার ক্ষেমপুর গ্রাম পঞ্চায়েতের কাণ্ডারণ বাগদীপাড়ায়। এই গ্রামের বাসিন্দা প্রমিলা বাগদী (৪৭) বৃহস্পতিবার ভোট দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রাণ হারান। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন বেলা এগারোটা নাগাদ প্রমিলা বাগদি মালতিপুর বিধানসভার ১৫২ নম্বর কাণ্ডারণ জুনিয়র বেসিক স্কুল বুথে ভোট দিতে যান। অন্যান্যদের সঙ্গে তিনি ভোটের লাইনে দাঁড়িয়ে ছিলেন। ভোটদানের পর তিনি হঠাৎ সংজ্ঞা হারিয়ে পড়ে যান। স্থানীয় লোকজন ওই মহিলাকে উদ্ধার করে তাঁর বাড়ি নিয়ে আসেন। পরিবারের সদস্যরা চিকিৎসার জন্য সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল।কিন্তু সে সময় সুযোগ হয়নি বাড়িতে তাঁর মৃত্যু হয় বলে দাবি পরিবারের। মহিলার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। মৃতের এক ছেলে ষষ্ঠী মণ্ডল শোকাতুর হয়ে বলেন , ভোটের দিন এইভাবে মা আমাদের ছেড়ে চলে যাবেন ভাবতেও পারিনি। মায়ের তেমন কোন বড় অসুখ ছিলনা। তবে বুধবার বিকেলে হঠাৎ বুক ব্যথা অনুভব হচ্ছে বলেছিল। হাসপাতালে চিকিৎসার পর ওষুধ সেবন করে ভালোই ছিল।
স্থানীয় বাসিন্দা উমা বাগদী বলেন,ওদের পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। বাস্তুভিটা ছাড়া জমিজায়গা নেই। তাঁর ছেলেরা ভিন রাজ্যে কাজ করে সংসার চালায়।পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা দরকার।
এদিন মৃতের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে মালতিপুর বিধানসভার বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা মৃতের বাড়িতে উপস্থিন হন।