নয়া জামানা,ঝাড়গ্রাম: ভোটের দিনে অঘটন এড়াতে কড়া নিরাপত্তা থাকলেও শেষরক্ষা হলো না। ঝাড়গ্রামে পরিচিত হাতি রামলাল আচমকাই হাজির হয়ে গেল ভোটকেন্দ্রের সামনে। বৃহস্পতিবার সকালে জিতুশোল আংশিক বুনিয়াদি বিদ্যালয়ের ভোটকেন্দ্রের সামনে তাকে হেলেদুলে ঘুরে বেড়াতে দেখা যায়। আর সেই দৃশ্য দেখতে মুহূর্তেই ভিড় জমে যায় এলাকাজুড়ে।
ভোট চলাকালীন আইনশৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশনের নির্দেশে বিশেষ সতর্কতা নেওয়া হয়েছিল। বন দপ্তরও আগেভাগে রামলালকে নজরবন্দি করে রেখেছিল, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। কিন্তু সব নজরদারি ভেঙে সে বেরিয়ে আসে এবং সরাসরি মানুষের ভিড়ের মাঝখানে চলে আসে।
স্থানীয় বাসিন্দারা প্রথমে কিছুটা আতঙ্কিত হলেও পরে কৌতূহলী হয়ে ওঠেন। অনেকেই মোবাইলে ছবি ও ভিডিও তুলতে ব্যস্ত হয়ে পড়েন। তবে এসব কিছুর প্রতি কোনও ভ্রূক্ষেপ ছিল না রামলালের। নিজের মতো করে রাস্তায় ঘুরে বেড়ানো, কখনও প্লাস্টিকের মধ্যে খাবার খোঁজা—সবই চলছিল তার স্বাভাবিক ছন্দে।
বন দপ্তরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। হোস পাইপ দিয়ে জল ছিটিয়েও তাকে সরানো সহজ হয়নি। পরে অনেক চেষ্টা করে তাকে ধীরে ধীরে জঙ্গলের দিকে নিয়ে যাওয়া হয়।
উল্লেখযোগ্যভাবে, কয়েক সপ্তাহ আগেই আরেক হাতি শ্যামলালের সঙ্গে লড়াইয়ে আহত হয়েছিল রামলাল। স্থানীয় মানুষের সহায়তা ও বন দপ্তরের চিকিৎসায় সে সুস্থ হয়ে ওঠে। এরপর তাকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।
এদিনের ঘটনায় প্রশ্ন উঠছে, এত কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কীভাবে রামলাল ভোটকেন্দ্রের এত কাছে পৌঁছে গেল। প্রশাসনের প্রস্তুতি নিয়েও শুরু হয়েছে আলোচনা।