প্রদীপ কুন্ডু, নয়া জামানা, কোচবিহার : প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন কোচবিহার জেলার মাথাভাঙ্গা বিধানসভা কেন্দ্রে ইভিএমকে ঘিরে চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসায় ভোটপর্বে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নামের পাশে কালো সেলোটেপ লাগিয়ে ঢেকে দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি ঘটে মাথাভাঙ্গা শহরের ৫ নম্বর ওয়ার্ডের ছবিরন্নেছা নিম্ন বুনিয়াদি বালিকা বিদ্যালয়ের ২৬১ নম্বর বুথে।
অভিযোগ প্রকাশ্যে আসতেই বুথ চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এর জেরে নির্বাচন কর্তৃপক্ষ কিছু সময়ের জন্য ভোটগ্রহণ প্রক্রিয়া স্থগিত রাখতে বাধ্য হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নির্বাচনী পরিদর্শন দল এবং পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী। বুথ এলাকায় কড়া নজরদারি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।
বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের নির্বাচনী এজেন্ট কৌশিক ভদ্র দাবি করেন, সকালেই তাঁদের কাছে খবর আসে যে ইভিএমে প্রার্থীর নাম কালো সেলোটেপ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। প্রথমে পোলিং এজেন্টকে জানানো হলেও তিনি অভিযোগ অস্বীকার করেন। পরে একাধিক ভোটার একই অভিযোগ করলে নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়। তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখে বলে জানা গেছে। প্রায় এক ঘণ্টা ভোটগ্রহণ বন্ধ থাকার পর পুনরায় ভোট শুরু হয়। এই ঘটনার জেরে সংশ্লিষ্ট বুথে পুনর্নির্বাচনের দাবি তুলেছে বিজেপি।
অন্যদিকে, শাসকদল তৃণমূল কংগ্রেস অভিযোগ সম্পূর্ণভাবে খারিজ করেছে। দলের প্রার্থী সাবলু বর্মনের নির্বাচনী এজেন্ট বিশ্বজিৎ রায় বলেন, একটি সামান্য প্রযুক্তিগত সমস্যা হয়েছিল, যা দ্রুত সমাধান করা হয়েছে এবং তাতে ভোট প্রক্রিয়ায় কোনও প্রভাব পড়েনি। তাঁর দাবি, সব দলের এজেন্টদের উপস্থিতিতেই বিষয়টির নিষ্পত্তি হয়েছে।
ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। ভোটের দিনে ইভিএম সংক্রান্ত এমন অভিযোগ নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সন্দীপের নামে ইডির প্রথম চার্জশিট. বিপাকে ‘হুইসেল ব্লোয়ার’ আখতারও