নয়া জামানা ডেস্ক : তৃণমূল জমানার অবসান স্রেফ সময়ের অপেক্ষা, বুধবার হুগলির হরিপালে দাঁড়িয়ে এমনই আত্মবিশ্বাসী মেজাজে ধরা দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। ভোটার তালিকায় নাম বাদ যাওয়া বা ট্রাইবুনালের প্রক্রিয়া নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, তখন শমীকের সাফ কথা, বিজেপি নির্বাচন কমিশনের ভরসায় লড়তে নামেনি। বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করতে গিয়ে তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে বলেন, ‘পুরনো ভোটার তালিকা দিয়ে ভোট করালেও রাজ্যে বিজেপি জিতবে। তৃণমূল চলে গিয়েছে।’ নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়া নিয়ে শাসকদলের প্রশ্নের মুখে শমীক পালটা দাবি করেন, ইডি-সিবিআইয়ের দরজায় তালা লাগিয়ে দিলেও বিজেপির জয় আটকানো যাবে না। তাঁর কথায়, ‘নির্বাচন কমিশনকে বলুন, এই মুহূর্তে পুরনো লিস্টে ভোট করাতে। ওই ৯০ লক্ষ মানুষের নাম যোগ করতে। তার পরেও বিজেপি জিতবে।’ অর্থাৎ ভোটার তালিকা বা কেন্দ্রীয় এজেন্সির অতিসক্রিয়তা নয়, জনসমর্থনের জোরেই তাঁরা বৈতরণী পার করতে চান। নুসরত জাহানকে ইডি তলব প্রসঙ্গে শমীক স্পষ্ট জানান, তদন্তকারী সংস্থার কাজের সাথে রাজনীতির যোগ নেই। তবে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের গতি নিয়ে এদিন কিঞ্চিৎ উষ্মাও প্রকাশ করেছেন তিনি। রাজ্য সভাপতির দাবি, ‘ইডি, সিবিআইয়ের কোনও কাজে মানুষ সন্তুষ্ট নয়, আমরাও সন্তুষ্ট নই।’ তাঁর মতে, বাংলার মানুষ এখন স্রেফ ‘তৃণমূল নামক অভিশাপ’ থেকে মুক্তি পেতে মরিয়া। তদন্ত কী হচ্ছে না হচ্ছে, তা নিয়ে আমজনতার বিশেষ উৎসাহ নেই। শমীকের দাবি অনুযায়ী, মানুষ বিকল্প হিসেবে বিজেপিকে বেছে নিতে প্রস্তুত। ছোট ছোট পদক্ষেপে তাই পরিবর্তনের সুরই শোনা গেল তাঁর গলায়। ফাইল ফটো।