নয়া জামানা, কলকাতা : বিজেপির মেগা কর্মসূচিতে লিয়েন্ডার পেজ-বিজেন্দ্র সিংহদের উপস্থিতিতে এক চরম বিশৃঙ্খলা ও তালগোল পাকিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। যুবকদের হাতে ‘যুবশক্তি কার্ড’ তুলে দেওয়ার পরিবর্তে ‘মাতৃশক্তি কার্ড’ ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের বিরুদ্ধে। যা নিয়ে জোরালো আক্রমণে নেমেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তারা এই ঘটনাকে বিজেপির ‘ঠগবাজি’ এবং ‘ভুল’ ঢাকার চেষ্টা হিসেবে চিহ্নিত করেছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে যে, ক্ষমতায় এলে তারা মহিলা ও যুবদের মাসে ৩০০০ টাকা করে আর্থিক সহায়তা দেবে। সেই প্রচারের অঙ্গ হিসেবেই মহিলাদের জন্য ‘মাতৃশক্তি কার্ড’ এবং যুবদের জন্য ‘যুবশক্তি ভরসা কার্ড’ বিলির পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার কলকাতায় টেনিস তারকা লিয়েন্ডার পেজ় এবং বক্সার বিজেন্দ্র সিংহের উপস্থিতিতে কার্ড বিলির একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই দেখা যায়, যুবকদের হাতে তুলে দেওয়া হয়েছে ‘মাতৃশক্তি’ লেখা কার্ড। তৃণমূলের অভিযোগ, বিজেপি তাদের নিজেদের কর্মসূচির তাল হারিয়ে ফেলেছে। তারা দাবি করেছে যে, বিজেপির অফিসিয়াল পেজ থেকে এই বিভ্রাটের ছবি পোস্ট করা হলেও পরে ‘ভুল’ বুঝতে পেরে তা দ্রুত মুছে ফেলা হয়। তৃণমূলের ব্যঙ্গাত্মক মন্তব্য, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় যেমন তাঁর বক্তৃতায় বলে থাকেন, বিজেপি আসলে ঠগ্বাজ, চোর এবং প্রতারকদের দল।’ তারা আরও দাবি করেছে যে, আগের দিন প্রকাশিত মহিলাদের কার্ডগুলিই পরদিন ভুলবশত যুবদের হাতে তুলে দেওয়া হয়েছে। এই পুরো কর্মসূচিকেই ‘জুমলা’ বা ফাঁপা প্রতিশ্রুতি বলে কটাক্ষ করেছে তৃণমূল। তাদের মতে, মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘লক্ষ্মীর ভান্ডার’ এবং ‘যুবসাথী’ প্রকল্পের অনুকরণ করতে গিয়েই বিজেপি এই গোলমাল পাকিয়েছে। শাসকদলের পাল্টা দাবি, রাজ্যের বর্তমান প্রকল্পগুলিই গেরুয়া শিবির নিজেদের ইস্তাহারে নকল করার চেষ্টা করছে। তবে এই সমস্ত অভিযোগকে বিন্দুমাত্র আমল দিতে রাজি নয় বিজেপি শিবির। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বিষয়টিকে দলীয় ব্যাপার বলে উড়িয়ে দিয়েছেন। তিনি পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, ‘আমাদের কর্মসূচিতে আমাদের কর্মীদের মাঝে আমরা কী বিলি করব, না করব, তাতে তৃণমূলের কী? এগুলো তো আমাদের দলীয় ব্যাপার। তৃণমূল কি পুরোপুরি ফলো-অন মোডে চলে গিয়েছে নাকি?’ তিনি আরও জানান যে, বিজেপি ছাত্রছাত্রীদের টেস্ট পেপার বিলি করলেও তৃণমূল সেটা নিয়ে কথা বলতে আসবে। শাসকদলের কোনও বিরূপ মন্তব্যকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির।
ডাস্টবিনে স্তূপীকৃত ভোটার কার্ড! রানিগঞ্জে তীব্র চাঞ্চল্য, তদন্তে পুলিশ