সাজাহান আলী, নয়া জামানা, দক্ষিণ দিনাজপুর: মহাকাশ বিষয়ে জানার আগ্রহ সেই শৈশব থেকে। নবম শ্রেণীতে পড়াকালীন এই আগ্রহ দ্বিগুণ হয়ে যায়। পরিবার ও শিক্ষক – শিক্ষিকাদের সহযোগিতায় এবং বন্ধুবান্ধবদের সঙ্গে কথা বলে গত মার্চ মাসে যুবিকা(ইসরো) ২০২৬ পরীক্ষায় বসেছিল কৃতি ছাত্রী অন্যতমা দেবী অধিকারী। গত ২৮ শে মার্চ অনুষ্ঠিত এই পরীক্ষার রেজাল্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে। এতে দক্ষিণ দিনাজপুর জেলার মধ্যে একমাত্র ছাত্রী হিসেবে সফল হয়েছে ফুলবাড়ী হাইস্কুলের বরাবরের মেধাবী শিক্ষার্থী অন্যতমা দেবী অধিকারী। এই পরীক্ষায় সাফল্যের ফলশ্রুতি হিসেবে আগামী মে মাস থেকে হায়দ্রাবাদের ইসরোতে মহাকাশ বিষয়ে বিভিন্ন তথ্য জানার ও প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পেয়েছে এই ছাত্রী। স্বাভাবিক কারণে বিজ্ঞানমনস্ক এই ছাত্রীর পরিবার থেকে শুরু করে ফুলবাড়ী হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা যথেষ্ট খুশি ও গর্বিত। জেলার নিশ্চিন্তা গ্রামের কৃতি ছাত্রী অন্যতমা দেবী অধিকারীর বাবা মানস অধিকারী ও মা মৌসুমী দাস অধিকারী জানালেন, ছোটবেলা থেকেই তাঁদের মেয়ের বিজ্ঞানের প্রতি খুব আকর্ষণ। বিশেষ করে মহাকাশ বিজ্ঞানের প্রতি তার আগ্রহের সীমা নেই।এই অবস্থায় ইসরোতে প্রশিক্ষণের সুযোগ পেয়ে মেয়ে দুর্দান্ত খুশি।অন্যতমা জানালো, আগামী মে মাসে হায়দ্রাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টারে (ইসরো) মহাকাশ বিষয়ক কার্যক্রমে অংশগ্রহণের জন্য ডাক পেয়েছি। নবম শ্রেণীর কৃতি ছাত্রী অন্যতমার জীবনের লক্ষ্য আস্ট্রোবায়োলজিস্ট হয়ে মহাকাশ বিজ্ঞান ও দেশের জন্য কাজ করা। ফুলবাড়ি হাই স্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম গর্বের সঙ্গে জানালেন ,এটি আমাদের বিদ্যালয়ের জন্য বিরাট সাফল্য। এর ফলে অন্যতমা যেমন ভবিষ্যতে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভালো জায়গায় পৌঁছে যাবে , তেমনি তার এই ফলাফল দেখে অন্যান্য ছাত্র-ছাত্রীরা অনুপ্রাণিত হবে। আমরা অন্যতমার সাফল্য কামনা করছি।