[pj-news-ticker]
  • Home /
  • উপ-সম্পাদকীয় /
  • মাটির খেলনা ও গ্রামীণ শৈশব:নস্টালজিয়ার মোড়কে এক হারানো সোনালী দিন

মাটির খেলনা ও গ্রামীণ শৈশব:নস্টালজিয়ার মোড়কে এক হারানো সোনালী দিন

দেবরাজ মাহাতো সময় এক প্রবহমান নদী। তার স্রোতে ভেসে যায় কত শত যুগ, বদলে যায় জীবনযাত্রার মান, পাল্টে যায় মানুষের রুচি ও বিনোদনের মাধ্যম। কিন্তু কিছু গন্ধ, কিছু স্পর্শ আর কিছু অনুভূতি চিরকাল অমলিন থেকে যায়। তেমনি এক চিরন্তন অনুভূতির....

মাটির খেলনা ও গ্রামীণ শৈশব:নস্টালজিয়ার মোড়কে এক হারানো সোনালী দিন

দেবরাজ মাহাতো সময় এক প্রবহমান নদী। তার স্রোতে ভেসে যায় কত শত যুগ, বদলে যায় জীবনযাত্রার....

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
X
Threads
Telegram

আরও পড়ুন


দেবরাজ মাহাতো

সময় এক প্রবহমান নদী। তার স্রোতে ভেসে যায় কত শত যুগ, বদলে যায় জীবনযাত্রার মান, পাল্টে যায় মানুষের রুচি ও বিনোদনের মাধ্যম। কিন্তু কিছু গন্ধ, কিছু স্পর্শ আর কিছু অনুভূতি চিরকাল অমলিন থেকে যায়। তেমনি এক চিরন্তন অনুভূতির নাম—গ্রামবাংলার মাটির খেলনা। আজ থেকে ২০-২৫ বছর আগের গ্রামীণ সমাজের দিকে তাকালে দেখা যাবে, আজকের মতো প্লাস্টিকের চকচকে রোবট বা রিমোট কন্ট্রোল গাড়ি তখন ছিল দূরের আকাশ কুসুম। তখন শিশুদের বিনোদনের একমাত্র এবং প্রধান সঙ্গী ছিল কুমোরপাড়ার চাকার তৈরি সেই গন্ধমাখা মাটির খেলনা।
বিশেষ করে কালীপুজো বা বাঁদনা পরবের মরশুম এলেই গ্রামীণ হাট-বাজার বা শহরের রাস্তার ধার সেজে উঠত রঙবেরঙের মাটির পুতুল, হাঁড়ি-কড়াই আর থালা-বাটির পসরায়। আধুনিকতার প্রবল পরাক্রম এবং হাতে হাতে স্মার্টফোনের যুগেও যে সেই শিকড় ছাঁটা যায়নি, তার প্রমাণ মেলে আজও পুরুলিয়ার মতো জঙ্গলমহলের বিভিন্ন শহরের অলিগলিতে বা গ্রামীণ হাটে।
গ্রামাঞ্চলে কালীপুজো বা বিশেষ করে বাঁদনা পরব হলো আনন্দের এক মহা সমারোহ। এটি মূলত কার্তিক অমাবস্যায় কৃষিজীবী মানুষের উৎসব, যেখানে গবাদি পশুকে পুজো করা হয় এবং নতুন ধানের আগমনে চারপাশ মুখরিত থাকে। এই পরবগুলিকে কেন্দ্র করেই চলে মৃৎশিল্পীদের বছরের অন্যতম বড় প্রস্তুতি।
কালীপুজো বা বাঁদনার ৪-৫ মাস আগে থেকেই কুমোর পাড়ায় শুরু হয়ে যায় কর্মযজ্ঞ। প্রদীপের পাশাপাশি শিল্পীরা পরম যত্নে তৈরি করেন মাটির তৈরি বিভিন্ন ছোট ছোট বাসন ও খেলনা। এই পুরো প্রক্রিয়াটি অত্যন্ত শ্রমসাধ্য ও সময়সাপেক্ষ। প্রথমে পলিমাটি বা এঁটেল মাটি সংগ্রহ করে তা ভালো করে প্রক্রিয়াজাত করা হয়। এরপর হাতের চাকা ঘুরিয়ে বা ছাঁচে ফেলে বা হাতের জাদুতে তৈরি হয় ছোট ছোট হাড়ি, কড়াই, উনুন, হাতা, বাটি এবং নানা ধরনের পুতুল।
তৈরি হওয়ার পর সেই কাঁচা খেলনাগুলি প্রথমে রোদে শুকানো হয়। রোদ খাইয়ে শক্ত করার পর সেগুলি পোড়ানো হয় বিশেষ চুল্লিতে। আগুনে পোড়ানোর পর মাটির তৈরি সেই খেলনাগুলি লাভ করে এক অপূর্ব স্থায়িত্ব ও পোড়ামাটির স্বাভাবিক লালচে রঙ। কিন্তু শিশুদের মন জয় করতে তো শুধু লালামাটি হলে চলে না! তাই এর পরের ধাপে চলে রঙের আল্পনা। লাল, নীল, হলুদ, সবুজ—নানা উজ্জ্বল রঙে তুলির টানে সেজে ওঠে সেই খেলনাগুলি। শিল্পীর হাতের নিখুঁত ছোঁয়ায় প্রাণ পায় মৃত্তিকা।
আজ থেকে দুই বা আড়াই দশক আগের গ্রামীণ অর্থনীতির চিত্র সম্পূর্ণ আলাদা ছিল। তখন আজকের মতো মধ্যবিত্ত বা উচ্চবিত্তের প্রাচুর্য গ্রামীণ পরিবারগুলিতে ছিল না। অধিকাংশ পরিবারই ছিল দরিদ্র কৃষক বা নিম্নবিত্ত খেতমজুরের। ঘরে দু’বেলা অন্ন জোগাড় করতেই হিমশিম খেতে হতো অভিভাবকদের।
সেই সময় কালীপুজোর প্রাক্কালে গ্রামীণ বাবা-মায়েরা যখন হাটে বা শহরে যেতেন—সঙ্গে নিয়ে যেতেন পাটকাঠি, খড়, বা বাড়ির আঙিনায় ফলানো শাকসবজি। সেই সামান্য কৃষিপণ্য বা বনজ সম্পদ বিক্রি করে যে সামান্য উপার্জন হতো, সেখান থেকে পয়সা বাঁচাতেন তারা। উৎসবের দিনে সেই টাকায় নিজের ছেলেমেয়ের জন্য বছরে অন্তত একবার কিনে আনতেন এক সেট মাটির খেলনা।
আজকের দিনে হাজার টাকার দামি খেলনা পেলেও আজকের শিশুরা হয়তো ততটা উল্লাস প্রকাশ করে না, কিন্তু সেইদিন বাবা-মায়ের হাত ধরে সেই সামান্য মাটির খেলনা হাতে পেয়ে ছোট ছোট শিশুদের মুখে যে হাসি ফুটত, তা ছিল অমূল্য। অত্যন্ত দরিদ্র পরিবারগুলির কাছেও সেই খেলনার মূল্য ছিল পৃথিবীর যেকোনো দামি উপঢৌকের চেয়েও অনেক বেশি। সেই রঙচঙে খেলনাগুলি বুকে চেপে ধরে শিশুরা আত্মহারা হয়ে যেত।
সেই যুগে শিশুদের খেলাধুলার উপকরণ ছিল প্রকৃতিপ্রদত্ত এবং সহজলভ্য। মাটির সেই পুতুল আর হাড়ি-কড়াই পেয়ে গেলে শিশুরা মেতে উঠত এক অদ্ভুত কাল্পনিক খেলায়।
ছোট ছোট মাটির হাড়ি, কড়াই, উনুন আর হাতা নিয়ে পাড়ার কোনো গাছের তলায় বা উঠানের কোণে শুরু হয়ে যেত ছোট্ট রান্নার আসর। বাস্তবে চাল বা ডাল না থাকলেও প্রকৃতির নানা উপাদানই হয়ে উঠত তাদের রান্নার উপকরণ।
মাটি, বালি, ছোট ছোট নুড়ি পাথর, গাছের পাতা, ঘাসফুল কিংবা কাঁচা আমড়া থেঁতলে তৈরি হতো তাদের লোভনীয় সব কাল্পনিক মেনু। সেই উনুনে শুকনো পাতা গুঁজে ফুঁ দিয়ে রান্না করার ভান করা আর সহপাঠীদের সেই খাবার পরিবেশন করার আনন্দই ছিল আলাদা।
মাটির পুতুলগুলি ছিল তাদের বন্ধু। সেই পুতুলগুলোকে সাজিয়ে, তাদের পুতুল বিয়ে দেওয়া, আত্মীয়স্বজন সাজিয়ে ঘরকন্নার অভিনয় করার মাধ্যমে শিশুরা সামাজিক সম্পর্কগুলোর প্রথম পাঠ পেত।
এই সমস্ত খেলাধুলায় শুধু বিনোদন ছিল না, ছিল পারস্পরিক মেলবন্ধন, সামাজিকীকরণের প্রথম পাঠ এবং প্রকৃতির সঙ্গে এক নিবিড় সখ্য। কোনো কৃত্রিমতা ছাড়াই সহজ-সরল আনন্দে কেটে যেত তাদের শৈশব।
মহাকালের পরিবর্তনে আজ পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। আধুনিকতার ছোঁয়া আজ গ্রামের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে গেছে। ঘরের চারিপাশে পাকা বাড়ি, পিচ রাস্তা এবং সবচেয়ে বড় কথা—কমবয়সী শিশুদের হাতেও পৌঁছে গেছে অ্যানড্রয়েড মোবাইল ফোন।
আজকের শিশুরা আর মাটির পুতুল নিয়ে খেলে না, কিংবা বিকেলে দল বেঁধে মাঠেও ছুটে যায় না হাডুডু বা লুকোচুরি খেলতে। তাদের শৈশব আজ বন্দি হয়ে পড়েছে ৫ ইঞ্চি বা ৬ ইঞ্চির স্ক্রিনের মধ্যে। অনলাইন গেম, কার্টুন আর রিলসের নেশায় বুঁদ হয়ে থাকে তারা। কায়িক পরিশ্রম বা প্রকৃতির সান্নিধ্যে বেড়ে ওঠার সুযোগ আজ প্রায় হারিয়ে গেছে বললেই চলে। ফলস্বরূপ, শিশুরা ফিজিক্যালি যেমন অলস হয়ে পড়ছে, তেমনই মানসিকভাবে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ছে সমাজ ও প্রকৃতি থেকে।
এত কিছুর পরেও কিন্তু মাটির খেলনার ঐতিহ্য পুরোপুরি ফুরিয়ে যায়নি। ঐতিহ্য সহজে মরতে জানে না। আজও কিছু মানুষ সেই পুরনো নস্টালজিয়াকে বাঁচিয়ে রাখতে চান।
কালীপুজো বা বাঁদনা পরব এলেই পুরুলিয়া শহরের বিভিন্ন রাস্তাঘাট, পুরোনো বাজার কিংবা মোড়ে মোড়ে এখনও যখন কুমোররা মাটির খেলনার পসরা সাজিয়ে বসেন, তখন এক অন্যরকম দৃশ্যের অবতারণা হয়। কর্মব্যস্ত শহুরে মানুষ বা গ্রামের প্রবীণরা যখন সেই রঙিন খেলনাগুলির সামনে এসে দাঁড়ান, তখন তাদের চোখেমুখে খেলে যায় হারানো শৈশবের ছায়া।
আজকের অনেক অভিভাবকই নিজেদের ব্যস্ত জীবনে একটু সময় বের করে, বা শৈশবের স্মৃতি রোমন্থন করতে গিয়ে তাদের সন্তান বা নাতি-নাতনিদের জন্য কিনে নেন সেই মাটির হাঁড়ি-কড়াই বা পুতুল। তারা চান, তাদের সন্তানরাও যেন অন্তত কিছুটা হলেও চেনে সেই শিকড়কে, যে মাটি থেকে তাদের উৎপত্তি। আধুনিক প্লাস্টিকের খেলনার ভিড়ে আজও এই মাটির খেলনাগুলি যেন ঐতিহ্যের এক একটা জীবন্ত দলিল।
সময় বদলাচ্ছে, জীবনযাত্রার ধরন পাল্টাচ্ছে, প্রযুক্তি আমাদের অনেক এগিয়ে নিয়ে গেছে—এ কথা সত্য। কিন্তু প্রযুক্তির উৎকর্ষতা যতই বাড়ুক না কেন, মাটির সোঁদা গন্ধমাখা শৈশব আর মাটির খেলনার সেই নস্টালজিক আবেদনকে কোনো আধুনিক গজে মাপা যায় না।
আজও যখন পুরুলিয়ার কোনো গ্রামীণ হাটে বা শহরের কোণে রোদে শুকোতে দেওয়া লালচে মাটির পুতুল বা রঙবেরঙের হাঁড়ি-কড়াই দেখা যায়, তখন মনে হয় আমাদের শিকড়টি এখনও জীবিত আছে। এই নস্টালজিয়া কেবল একটি বস্তুগত খেলনা নয়, এটি আমাদের ফেলে আসা নির্মল শৈশব, মাটির সঙ্গে মানুষের আত্মার সংযোগ এবং আবহমান বাংলার চিরন্তন সংস্কৃতির এক অপূর্ব প্রতিচ্ছবি। এই ঐতিহ্য টিকিয়ে রাখা মানে আমাদের শৈশবকে বাঁচিয়ে রাখা, আমাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখা।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

আজকের খবর