সুনীল মাইতি
বিশিষ্ট প্রাবন্ধিক ও সাংবাদিক
উৎসব মানেই আলোকে রোশনাই; অন্ধকারের বুক চিরে আশার প্রদীপের মৃদু শিখা আর অন্তরের গহীনে আনন্দের জোয়ার। কিন্তু এই আনন্দোৎসব যখন প্রতি বছর উত্তর থেকে পূর্ব ভারতের বিস্তীর্ণ জনপদকে এক অদৃশ্য বিষাক্ত গ্যাসচেম্বারে পরিণত করে; তখন উৎসবের রূপকার আনন্দ আর অনুভূতির পরিসর ছাড়িয়ে চরম এক বেঁচে থাকার সংকটে গিয়ে ঠেকে। দীপাবলির ঠিক পরপরই প্রতি বছর যে দৃশ্যপট আমাদের সামনে আসে; তা নিছকই কিছু আতশবাজির ধোঁয়া কিংবা কয়েকদিনের কুয়াশা নয়;এটি আমাদের পরিবেশগত নীতি; প্রশাসনিক উদাসীনতা এবং নাগরিক দায়িত্ববোধের এক বেআব্রু দলিল। প্রশ্ন হলো; এই দূষণের মারপ্যাঁচ আসলে কার? এটা কি কেবলই একরৈখিক উৎসবের ফল; নাকি এর গভীরে লুকিয়ে রয়েছে কাঠামোগত ব্যর্থতার এক দীর্ঘ ইতিহাস?
দীপাবলির রাতে বা পরের দিন সকালে মেগা সিটি থেকে শুরু করে মফস্বলের আকাশেও যে দৃশ্যমান এবং অদৃশ্য ধোঁয়ার আস্তর তৈরি হয়; তা এক ভয়ঙ্কর জনস্বাস্থ্য সংকটের ইঙ্গিত দেয়। এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) যখন ‘মারাত্মক’ বা ‘SEVERE’ ক্যাটাগরিতে পৌঁছে যায়; তখন সাধারণ মানুষের স্বাভাবিক নিঃশ্বাস নেয়ার অধিকারটুকুও কেড়ে নেওয়া হয়। চিকিৎসকদের মতে; এই মৌসুমে বাতাসে ভাসমান অতিক্ষুদ্র ধূলিকণা বা পিএম ২.৫(PM 2.5) এবং পিএম ১০(PM 10)- এর মাত্রা নির্ধারিত মাত্রার চেয়ে বহুগুণ বেড়ে যায়। এই কণাগুলো ফুসফুসের প্রাচীর ভেদ করে রক্তপ্রবাহে মিশে যায়; যার ফলে হাঁপানি; ব্রঙ্কাইটিস এবং হৃদরোগে আক্রান্ত রোগীদের মৃত্যুর ঝুঁকি বহুলাংশে বৃদ্ধি পায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো; এই সংকট আজ আর একদিন বা এক রাতের ঘটনা; এটি শীতের প্রাক্কালে বছরের পর বছর ধরে পুনরাবৃত্ত এক ঋতুভিত্তিক ট্রাজেডিতে পরিণত হয়েছে।
এই দূষণের উৎস খুঁজতে গিয়ে আমরা প্রায়শই একপেশে দোষারোপের খেলায় মেতে উঠি। একশ্রেণীর তাত্ত্বিক কেবল দেওয়ালিখুশির অন্তরালে ফোড়ন কাটা আতশবাজিকে কাঠগড়ায় দাঁড় করান। নিঃসন্দেহে শব্দ ও আলোকবাজির অনিয়ন্ত্রিত ব্যবহার বায়ুমন্ডলে বিষাক্ত রাসায়নিক যেমন সালফার ডাই অক্সাইড; নাইট্রোজেন ডাই-অক্সাইড এবং সীসার পরিমাণ বিপদজনক ভাবে বাড়িয়ে দেয়। কিন্তু সমস্যাটি কেবল
একটি রাতের বাজি পোড়ানোর মধ্যে সীমাবদ্ধ রাখলে সত্যের অপলাপ হবে। দীপাবলি-উত্তর এই বাস্তবতার পেছনে কাজ করছে এক জটিল ভৌগলিক ও ঋতুভিত্তিক সমীকরণ। ঠিক এই সময়টিতে উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলের শীতে বাতাস ভারী হয়ে আসে; বাতাসের গতিবেগ কমে যায় এবং উষ্ণতার বিপরীতমুখী স্তরবিন্যাস(Temperature Inversion )তৈরি হয়। এর ফলে ধুলোবালি ও দূষিত কণাগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি আটকে থাকে; সহজে ওপরে উঠতে পারে না।
এর সাথে যোগ হয় পাঞ্জাব; হরিয়ানা; উত্তরপ্রদেশের একাংশে ফসলের অবশেষ পোড়ানোর(Stubble Burning )মতো ত্রুটিপূর্ণ কৃষি ব্যবস্থাপনা। যদিও প্রশাসন ও আদালতের হস্তক্ষেপে গত কয়েক বছরে এই প্রবণতা কিছুটা নিয়ন্ত্রণের চেষ্টা হয়েছে; তবুও বিকল্প প্রযুক্তির অভাবে প্রান্তিক কৃষকদের খড় পোড়ানোর হাত থেকে সম্পূর্ণ নিবৃত্ত করা যায়নি। উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে আসা এই ধোঁয়া এবং ধূলিকণা পূর্ব এবং মধ্য ভারতের বায়ুমণ্ডলকে আরও বেশি ভারী ও বিষাক্ত করে তোলে। অন্যদিকে,অপরিকল্পিত নগরায়ণ,লাগামহীন নির্মাণকাজ; এবং শহরগুলোতে যানবাহনের মাত্রাতিরিক্ত ধোঁয়া এই পরিস্থিতিকে এক স্থায়ী রূপ দেয়।
এই সামগ্রিক সংকটের পিছনে রয়েছে নীতি নির্ধারণে দূরদর্শিতার অভাব এবং আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা। যখন শীতের আগমন বার্তা ও উৎসবের দিনক্ষণ পঞ্জিকায় নির্দিষ্ট থাকে, তখন প্রশাসন কেন আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে না? আদালতের নির্দেশিকা জারি করা; দীপাবলীর নির্দিষ্ট কয়েক ঘন্টার জন্য সবুজ বাজি(Green Crackers) ব্যবহারের অনুমতি দেওয়া কিংবা শেষ মুহূর্তে লোক দেখানো ধরপাকড় করা— এগুলো কোনো স্থায়ী সমাধান হতে পারে না। যখন আইন বলবৎ করার সময় রাজনৈতিক সদিচ্ছার অভাব দেখা যায় এবং উৎসবের ধর্মীয় আবেগকে সামনে রেখে প্রশাসনিক পদক্ষেপ দুর্বল হয়ে পড়ে; তখন এই সমস্যার সমাধান অধরাই থেকে যায়। দূষণের এই মারপ্যাঁচ ভাঙতে হলে আমাদের খণ্ডকালীন বা চ্যারিটেবল পদক্ষেপ থেকে বেরিয়ে এসে দীর্ঘমেয়াদী ও কঠোর নীতি প্রণয়নে ব্রতী হতে হবে।
প্রয়োজন একটি সুসংহত এবং বিজ্ঞানসম্মত কর্ম পরিকল্পনা। প্রথমত– বাজি প্রস্তুতকারী শিল্প গুলোকে সম্পূর্ণভাবে পরিবেশবান্ধব প্রযুক্তির দিকে চালিত করতে হবে এবং এর নিয়মভঙ্গের বিরুদ্ধে কঠোর আর্থিক এবং আইন শাস্তি নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত– কৃষকদের ওপর কেবল শাস্তিমূলক ব্যবস্থা না চাপিয়ে; তাদের ধান কাটার আধুনিক যন্ত্র যেমন যেমন ‘হ্যাপি সিডার’ বা বায়ো-ডিকারম্পোজার সুলভ মূল্যে বা বিনামূল্যে সরবরাহ করার রূপরেখা বাস্তবায়ন করতে হবে; যাতে ফসলের অবশেষ পোড়ানোর কোনো প্রয়োজনই না পড়ে। তৃতীয়ত— শহরাঞ্চলে গণপরিবহন ব্যবস্থাকে আরও শক্তিশালী ও দূষণমুক্ত করতে হবে এবং ধূলো নিয়ন্ত্রণের জন্য যান্ত্রিক উপায়ে রাস্তা পরিষ্কার ও জল ছিটানোর ব্যবস্থা সারা বছর ধরে চালু রাখতে হবে। চতুর্থত— সাধারণ মানুষের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে বিদ্যালয়ের স্তর থেকে গণমাধ্যমে জোরদার প্রচার চালাতে হবে,যাতে উৎসব পালনের মধ্যেই প্রকৃতির সুরক্ষার ভাবনাটি নিহিত থাকে।
উৎসব আমাদের সংস্কৃতি এবং প্রাণের অঙ্গ। আলোর উৎসব কখনো অন্ধকারের বার্তা নিয়ে আসতে পারে না। কিন্তু আমরা যদি এই সংকটকে কেবল একটি মৌসুমী সমস্যা হিসেবে উড়িয়ে দিই এবং কাঠামোগত ত্রুটিগুলো দূর করার সদিচ্ছা না দেখাই; তবে আগামী প্রজন্মকে খাঁচার ভিতর বন্দি পাখির মত কৃত্রিম অক্সিজেনের ওপর নির্ভর করে বেঁচে থাকতে হবে । দীপাবলির প্রদীপ জ্বালানোর আনন্দ তখনই সার্থক হবে; যখন সেই আলোর পাশাপাশি প্রতিদিন নাগরিকের বেঁচে থাকার মৌলিক অধিকার— একটি নির্মল ও সুস্থ আকাশ– অক্ষুণ্ণ থাকবে। আত্মোপলব্ধির সময় এখনই; নতুবা উৎসবের এই রঙিন আলো একদিন আমাদের নিজেদের তৈরি করা কালো ধোঁয়াতেই চিরতরে হারিয়ে যাবে।