মোহম্মদ আলম, ইসলামপুর: স্বনির্ভর গোষ্ঠী কিংবা সমবায় সমিতি, বর্তমানে গ্রামে-গঞ্জে কিংবা শহর মফস্বলে এই সকল প্রতিষ্ঠান নারী-পুরুষ বিশেষ করে মহিলাদের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।এবার গ্রামীণ মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি এবং বিকল্প জীবিকার সুযোগ তৈরির লক্ষ্যে ইসলামপুরের জগৎগাঁওয়ে মাশরুমের মূল্য সংযোজন ও প্রক্রিয়াকরণ বিষয়ক ১২ দিনের প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হল।নাবার্ডের উত্তর দিনাজপুর জেলা উন্নয়ন ব্যবস্থাপকের সহযোগিতায় এবং দাসপাড়া নবদিশা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আয়োজিত এই প্রশিক্ষণে ইসলামপুর ব্লকের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মোট ৩০ জন মহিলা অংশগ্রহণ করেন।১২ দিনের এই প্রশিক্ষণে মাশরুম থেকে বিভিন্ন মূল্য সংযোজিত খাদ্যপণ্য তৈরি, খাদ্য প্রক্রিয়াকরণ এবং সেই দক্ষতাকে কাজে লাগিয়ে ক্ষুদ্র ব্যবসা গড়ে তোলার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। এর মাধ্যমে মহিলারা নিজেদের উদ্যোগে আয়ের পথ তৈরি করতে পারবেন বলে আশাবাদী উদ্যোক্তারা।সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুর মহকুমার উদ্যানপালন আধিকারিক অনিক মজুমদার, মাস্টার ট্রেনার শ্রীমতী বিশ্বাস, বিশিষ্ট সমাজকর্মী ইসমাত নাজনীন, অরুণা মহন্ত-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।অনুষ্ঠানে নবদিশা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির প্রধান কর্মকর্তা আনিসুর রহমান জানান, মহিলাদের হাতে দক্ষতা তুলে দেওয়ার পাশাপাশি সেই দক্ষতাকে বাস্তব জীবিকার সঙ্গে যুক্ত করাই তাঁদের অন্যতম লক্ষ্য। সঠিক প্রশিক্ষণ ও বাজারমুখী পরিকল্পনার মাধ্যমে মহিলারা ক্ষুদ্র উদ্যোগ গড়ে তুলে পারিবারিক আয়ে অবদান রাখতে পারবেন।উল্লেখ্য, গ্রামীণ মহিলাদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে নাবার্ডের সহযোগিতায় এই উদ্যোগ ইসলামপুরের মহিলাদের স্বনির্ভরতার পথে এগিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। স্থানীয়রা আশা করছেন ভবিষ্যতেও এই প্রকার উদ্যোগ বহাল থাকবে।
প্রশিক্ষণ কেন্দ্রে মুখ্যমন্ত্রীর প্রচার, প্রতিবাদের বদলে দিতে হলো চরম প্রতিদান!