নয়া জামানা,কলকাতা:নন্দীগ্রামে বিজেপি প্রার্থী হাসিরানি রথের নির্বাচনী হলফনামায় শিক্ষাগত যোগ্যতা ও বয়স সংক্রান্ত তথ্য নিয়ে দায়ের হওয়া মামলার শুনানি শেষ হলেও আপাতত রায় ঘোষণা করল না কলকাতা হাই কোর্ট। বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে দুপক্ষের বক্তব্য শোনার পর মামলাটির রায়দান স্থগিত রাখা হয়েছে।হাসিরানি রথ প্রার্থী হওয়ার পর তাঁর জমা দেওয়া নির্বাচনী হলফনামা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হয় কংগ্রেস। মামলাকারীদের অভিযোগ, হলফনামায় শিক্ষাগত যোগ্যতা হিসেবে যে মাধ্যমিকের শংসাপত্র দেওয়া হয়েছে, তাতে ১৯৬৫ সালে মাধ্যমিক পাশ করার তথ্য রয়েছে। অথচ একই হলফনামায় তাঁর বয়স ৬০ বছরের বেশি বলে উল্লেখ করা হয়েছে। সেই হিসাব অনুযায়ী জন্মসাল ১৯৬৬ সালের কাছাকাছি হওয়ার কথা। ফলে জন্মের আগেই কী ভাবে মাধ্যমিক পাশ করা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস।কংগ্রেসের দাবি, হাসিরানি চৌখালি গঙ্গাখালি বালিকা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেছেন বলে হলফনামায় জানিয়েছেন। তাঁদের বক্তব্য, হয় বয়স সংক্রান্ত তথ্য ভুল, নয়তো মাধ্যমিকের শংসাপত্রে অসঙ্গতি রয়েছে। দুটি তথ্য একই সঙ্গে সঠিক হতে পারে না দাবি করে হাসিরানির মনোনয়ন বাতিলের আবেদন জানানো হয়েছে।তবে মামলার গ্রহণযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছে নির্বাচন কমিশন। কমিশনের আইনজীবীর বক্তব্য, মনোনয়ন যাচাইয়ের সময় রিটার্নিং অফিসার প্রার্থীর নথি পরীক্ষা করেন। সেই পর্যায়ে কোনও আপত্তি জানানো হয়নি। তাই পরবর্তীতে এই তথ্যের ভিত্তিতে মনোনয়ন বাতিলের পদক্ষেপ করা যায় না। আদালতে কমিশনের তরফে আরও দাবি করা হয়েছে, শংসাপত্রে কোনও অসঙ্গতি থাকলেও তা নিজে থেকে মনোনয়ন বাতিলের কারণ হতে পারে না।