নয়া জামানা:উৎসবের মরশুম শুরুর মুখেই কলকাতার হোটেল ও গেস্ট হাউসগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল কলকাতা পুরসভা। নিউমার্কেট এলাকার সাম্প্রতিক ঘটনার পর শহরজুড়ে ট্রেড লাইসেন্স, অগ্নিনিরাপত্তা ও প্রয়োজনীয় ছাড়পত্র খতিয়ে দেখতে বিশেষ সমীক্ষা চালানো হয়। পুরসভা সূত্রে খবর, গত সোমবার পর্যন্ত ৯৬০টি গেস্ট হাউসে সমীক্ষা চালিয়ে ৯১৯টিকে ক্লোজ নোটিস দেওয়া হয়েছে।
পুর প্রশাসক স্মিতা পাণ্ডে জানান, সমীক্ষায় অধিকাংশ গেস্ট হাউসের অগ্নিনির্বাপণ ব্যবস্থায় গুরুতর ত্রুটি ধরা পড়েছে। পাশাপাশি বৈধ ট্রেড লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই বেশ কিছু হোটেল চলছিল। সম্ভাব্য অগ্নিকাণ্ড বা দুর্ঘটনা এড়াতেই এই পদক্ষেপ বলে পুরসভার দাবি।তবে উৎসবের মরশুমের কথা মাথায় রেখে সংশোধনের সুযোগ রাখা হয়েছে। অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ত্রুটিমুক্ত করা এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে আবেদন করলে শর্তসাপেক্ষে ফের ব্যবসা চালুর অনুমতি মিলতে পারে।নিউ মার্কেটের ঘটনার জেরে একাধিক হোটেলকে শো-কজ করা হয়েছিল। সন্তোষজনক জবাব না মেলায় ১১টি হোটেল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আবাসিকদের বের করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে।স্বাস্থ্যবিধি রক্ষায় রাজ্যজুড়ে খাদ্য সুরক্ষা দফতরের অভিযানও চলছে। হোটেল, রেস্তরাঁ ও দোকান মিলিয়ে ৫৪৩৯টি কেন্দ্রে পরিদর্শনে ৪৭২২টিতে গুরুতর অনিয়ম ধরা পড়েছে। সংগ্রহ করা হয়েছে ২৭৫৮টি খাদ্যনমুনা। ৯৮টি প্রতিষ্ঠানের পণ্য বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ৩৫টি প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল এবং ৮০টি প্রতিষ্ঠান বন্ধ ও সিল করা হয়েছে। আরও ২৯টির বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু হয়েছে।
দোলে নেই বসন্ত উৎসব, তবুও পর্যটকদের জন্য গেস্ট হাউস ও প্রবেশমূল্য বাড়ালো বিশ্বভারতী