নয়া জামানা:সিএবি নির্বাচনের আর মাত্র কুড়ি দিন বাকি থাকতেই এক নজিরবিহীন ঘটনা ঘটে গেল বঙ্গ ক্রিকেট সংস্থায়। যে কোনও সম্ভাব্য মামলা বা আদালতের স্থগিতাদেশ ঠেকাতে সিএবি আদালতে আগাম ক্যাভিয়েট দাখিল করেছে, এবং সেই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে সংস্থার অনুমোদিত প্রতিটি ক্লাবে। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, সিএবিকে আগাম নোটিশ না দিয়ে কোনও ক্লাব সংস্থার বিরুদ্ধে মামলা করতে পারবে না, এমনকি কোনও বিষয়ে স্থগিতাদেশের আবেদনও করা যাবে না।বঙ্গ ক্রিকেটে আগে বহুবার নির্বাচন হলেও, শাসক-গোষ্ঠী কখনও নির্বাচনের আগে এভাবে ক্যাভিয়েট-এর আশ্রয় নেয়নি বলে ময়দানের অভিজ্ঞ মহলের ধারণা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বর্তমান শাসক-গোষ্ঠীর এই পদক্ষেপ নিয়ে ক্রিকেটমহলে ক্ষোভ তৈরি হয়েছে। বহু ক্লাব কর্তা প্রশ্ন তুলেছেন, সংস্থার প্রতি বিশ্বাস কি এতটাই কমে গিয়েছে যে আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। কারও কারও মতে, এটি ক্লাবগুলির স্বাধীনতা খর্ব করার প্রচেষ্টা।সিএবির একাংশের ব্যাখ্যা, বার্ষিক সাধারণ সভায় প্রতিনিধিত্বের ক্ষেত্রে লোধা কমিটির নিয়ম মেনে চলার দাবি ক্রমাগত উঠছে, আর তারই প্রতিক্রিয়া হিসেবে এই পদক্ষেপ।শাসক-গোষ্ঠীর আশঙ্কা, কোনও ক্লাব এই ইস্যুতে আদালতে গিয়ে নির্বাচন স্থগিতের আবেদন করতে পারে। কেউ কেউ মনে করছেন, নির্দিষ্ট কিছু ক্লাবকে বেছে চিঠি পাঠালে প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট হয়ে যেত বলেই সব ক্লাবকেই চিঠি পাঠানো হয়েছে।