নয়া জামানা:রাজ্যজুড়ে হোটেল-রেস্তরাঁয় খাদ্যের মান যাচাইয়ে চলা অভিযানে ফের উঠে এল উদ্বেগজনক তথ্য।শনিবার দমদম পার্ক এলাকার এক জনপ্রিয় রেস্তরাঁয় খাদ্য সুরক্ষা দফতর, দক্ষিণ দমদম পুরসভা ও নাগেরবাজার থানার পুলিশ যৌথভাবে আকস্মিক অভিযান চালায়। রান্নাঘর ও স্টোররুম পরীক্ষার সময় ফ্রিজে দীর্ঘদিনের পচা ও বাসি মাংস মজুত থাকতে দেখা যায়। এছাড়া রান্নার মশলা ও অন্যান্য উপকরণে ক্ষতিকর, নিষিদ্ধ কৃত্রিম রঙের ব্যবহারও ধরা পড়ে। রান্নাঘরের পরিবেশও ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর-বাসন ধোয়ার জায়গার একদম গা ঘেঁষেই ছিল রান্নার উনুন। খাদ্য সুরক্ষা আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে এবং বিভিন্ন নমুনা ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট এলে লাইসেন্স বাতিলসহ কঠোর ব্যবস্থার সম্ভাবনা রয়েছে।শুধু দমদম পার্ক নয়, গত তিন দিনে রাজ্যের প্রায় ২,৩৩৭টি হোটেল-রেস্তরাঁয় তল্লাশি চালানো হয়েছে। পার্কস্ট্রিটের একাধিক নামী প্রতিষ্ঠান-করিমস, ডন জিওভানি, তুংফং প্রভৃতিতেও মিলেছে পচা মাংস, মেয়াদ পেরোনো তেল ও ছত্রাকযুক্ত সবজি। মিষ্টির ছানার গুণমান নিয়েও প্রশ্ন উঠেছে। ট্যাংরা, সোনারপুর, কামালগাজি, ধনেখালি ও গড়িয়াতেও একই ধরনের অনিয়ম ধরা পড়ায় সোনারপুরের একটি রেস্তরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে।