নয়া জামানা, পুরুলিয়া : পুরুলিয়ায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে গিয়ে অন্নপূর্ণা যোজনা প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি জনকল্যাণ শিবির এবং একশো দিনের কাজ প্রকল্প নিয়েও আশ্বাস দিলেন তিনি।
এদিন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলেন, “আপনারা নিশ্চিন্ত থাকুন, আমরা যা বলেছি, তা রেখেছি।” তিনি জানান, মাত্র তিন মাসের সরকারে জুন মাসে ২৮ লক্ষ মহিলাকে ৩ হাজার টাকা করে দেওয়া হয়েছিল, এবং পরের মাসে সংখ্যাটি বেড়ে দাঁড়ায় ১ কোটি ১৯ লক্ষে। পূর্ববর্তী সরকারের সঙ্গে তুলনা টেনে তিনি বলেন, ২০২১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত মাসে ৫০০ টাকা দেওয়া হতো এবং নাম নথিভুক্তকরণেই ৯ মাস সময় লেগে যেত। তাঁর অভিযোগ, আগের সরকারের আমলে অনেক ক্ষেত্রে পুরুষ ও মৃত ব্যক্তিদের নামেও প্রকল্পের সুবিধা পৌঁছাত, যা রুখতেই যাচাই-বাছাই প্রক্রিয়ায় সময় লেগেছে।
মুখ্যমন্ত্রী জানান, ১ কোটি ৪৫ লক্ষ মহিলার অ্যাকাউন্টে জুলাই মাসের ৩ হাজার টাকা করে ইতিমধ্যে পাঠানো হয়েছে। যাঁরা ১০ জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন এবং ৩১ জুলাই পর্যন্ত খোলা পোর্টালে নাম নথিভুক্ত করিয়েছেন, তাঁদের ক্ষেত্রে যাচাই প্রক্রিয়া চলছে এবং সুবিধাভোগীর সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। মোট ১ কোটি ৮০ লক্ষ মহিলা আবেদন করেছিলেন বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর ফের জনকল্যাণ শিবির আয়োজনের ঘোষণা করেন তিনি।
জনকল্যাণ শিবির প্রসঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, “আগের শিবিরে যাঁরা বয়স্ক ভাতা, বিধবা ভাতা-সহ অন্যান্য প্রকল্পে আবেদন করেছিলেন, তাঁদের প্রত্যেকের আবেদন পূরণের ব্যবস্থা করা হবে।” একশো কুড়ি পাঁচ দিনের কাজ প্রকল্প নিয়েও তিনি আশ্বাস দিয়ে বলেন, নতুন জব কার্ড তৈরি করা হবে এবং আগামী ছয় মাসে ১২ হাজার কোটি টাকার কাজের কার্ড তৈরি করা হবে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ৫০ লক্ষ টাকা করে কাজ হবে বলেও জানান তিনি।
এদিন একই মঞ্চ থেকে রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার অন্নপূর্ণা যোজনা নিয়ে ছড়িয়ে পড়া বিভ্রান্তি নিয়ে স্পষ্ট বার্তা দেন। তিনি জানান, ইতিমধ্যে ১ কোটি ৪৫ লক্ষ মহিলাকে প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং ১৭ থেকে ২০ আগস্টের মধ্যে টাকা প্রদানের প্রক্রিয়া চলবে। যোগ্য প্রত্যেক সুবিধাভোগীর অ্যাকাউন্টে নির্ধারিত অর্থ পৌঁছে যাবে বলে আশ্বস্ত করেন তিনি।
প্রাপ্য থেকে বঞ্চিত অন্নপূর্ণার উপভোক্তারা, দক্ষিণ দিনাজপুর জুড়ে মহিলাদের বিক্ষোভে