স্বরূপ সাহা,নয়া জামানা,মালদহ:থানা থেকে বেরোতেই বিক্ষোভের মুখে পড়লেন রতুয়ার বিধায়ক সমর মুখোপাধ্যায়।উঠল ‘চোর চোর’ স্লোগান।বিধায়ককে গ্রেপ্তারের দাবিতেও সরব হলেন বিক্ষোভকারীরা।আর সেই বিক্ষোভের মধ্যেই এক বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্যের সঙ্গে প্রকাশ্য বাদানুবাদে জড়িয়ে পড়েন বিধায়ক।ঘটনার সূত্রপাত সামসী কো-অপারেটিভ সোসাইটির জমি বিক্রির অভিযোগকে কেন্দ্র করে।
এই
ঘটনায় চাঁচল থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে বিধায়ক সমর মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডেকে পাঠানো হয়।দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তিনি থানা থেকে বেরোতেই তাঁকে ঘিরে বিক্ষোভ শুরু হয়।
বিক্ষোভকারীদের অভিযোগ, সরকারি সম্পত্তি বা জমি বিক্রির ঘটনায় বিধায়কের ভূমিকা রয়েছে।যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সমর মুখোপাধ্যায়।এরপর থানা থেকে বেরোনোর পথে বিধায়কের সঙ্গে প্রকাশ্য বাদানুবাদে জড়িয়ে পড়েন বিজেপির চাঁদোল গ্রাম পঞ্চায়েত সদস্য প্রসেনজিৎ শর্মা।জমি বিক্রির অভিযোগ নিয়ে বিধায়কের কাছে সরাসরি প্রশ্ন তোলেন তিনি।পাল্টা অভিযোগের জবাব দেন বিধায়কও।ঘটনাস্থলের সেই বাদানুবাদের ভিডিও ইতিমধ্যেই সামনে এসেছে। ভিডিওতে দুই পক্ষকে জমি বিক্রির অভিযোগ নিয়ে তর্কে জড়িয়ে পড়তে দেখা যায়।বিধায়কের দাবি,যে জমির সঙ্গে তাঁকে যুক্ত করা হচ্ছে সেটি সরকারি জমি নয় এবং তাঁকে পরিকল্পিতভাবে এই ঘটনায় ফাঁসানো হচ্ছে। অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি,সরকারি সম্পত্তি বিক্রির ঘটনায় বিধায়কের ভূমিকা রয়েছে এবং তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর তীব্র হয়েছে। তবে জমি বিক্রির অভিযোগের সত্যতা এবং ঘটনায় কার কী ভূমিকা রয়েছে তা তদন্তের পরই স্পষ্ট হবে।