নয়া জামানা,নয়াদিল্লি:কাগজের নোটের বদলে এবার পকেটে ঢুকতে চলেছে ‘প্লাস্টিকের টাকা’! ভারতে প্রথমবার পরীক্ষামূলক ভাবে চালু হতে চলেছে পলিমার ব্যাঙ্কনোট। ১০ ও ২০ টাকার মোট ১০০ কোটি পলিমার নোট বাজারে ছাড়ার প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে কেন্দ্র।মঙ্গলবার রাজ্যসভায় লিখিত জবাবে এই খবর জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রস্তাবের ভিত্তিতেই এই সিদ্ধান্ত।প্রথম পর্যায়ে ১০ ও ২০ টাকার ১০০ কোটি পলিমার নোট বাজারে এনে সেগুলির স্থায়িত্ব, ব্যবহারিক সুবিধা এবং পরিবেশের উপর প্রভাব খতিয়ে দেখা হবে।পরীক্ষামূলক পর্ব সফল হলে ভবিষ্যতে নিয়মিত ভাবে পলিমার নোট চালুর পথ খুলতে পারে। তবে এখনই কাগজের নোট বাতিল হচ্ছে না।দু’ধরনের নোটই পাশাপাশি চলবে।কাগজের নোটের তুলনায় পলিমার নোট অনেক বেশি টেকসই। সহজে ছিঁড়ে যায় না, নষ্টও হয় কম। জল, আর্দ্রতা এবং দৈনন্দিন ব্যবহারের ধকলও তুলনামূলক ভাবে ভালো ভাবে সামলাতে পারে।ফলে বারবার নোট ছাপানো এবং নষ্ট নোট বাজার থেকে তুলে নেওয়ার চাপ কমতে পারে।ভবিষ্যতে এটিএম থেকেও এই নোট পাওয়ার সম্ভাবনা রয়েছে।আরবিআইয়ের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে কাগজের নোট ছাপাতেই কেন্দ্রের খরচ হয়েছে ৬,৩৭২.৮ কোটি টাকা। একই বছরে প্রায় ২,৩৮০ কোটি ময়লা ও ক্ষতিগ্রস্ত নোট বাজার থেকে তুলে নিতে হয়েছে।
ডিজিটাল লেনদেনের যুগেও নগদের চাহিদা কমেনি। ২০২৬ সালের ১৫ মে পর্যন্ত সাধারণ মানুষের হাতে থাকা নগদের পরিমাণ বেড়ে হয়েছে প্রায় ৪২.৮৬ লক্ষ কোটি টাকা।ফলে নগদের বিপুল চাহিদা এবং নোটের স্থায়িত্ব দুই সমস্যার সমাধান খুঁজতেই এবার ‘প্লাস্টিকের টাকা’র পথে হাঁটতে চাইছে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্ক।
সপ্তাহান্তে ভারত-পাক মহারণে বৃষ্টির ভ্রুকুটি, দেশজুড়ে প্রার্থনার মাঝে প্রস্তুত সূর্যবাহিনী