প্রদীপ কুণ্ডু, নয়া জামানা, কোচবিহার: জনগণনার কাজে নিজস্ব অর্থে স্মার্টফোন কিনতে হচ্ছে বলে অভিযোগ তুলে ক্ষোভে ফুঁসছেন তুফানগঞ্জ-১ ব্লকের শিক্ষক ও সরকারি কর্মীদের একাংশ। আগামী ১ আগস্ট থেকে শুরু হতে চলা প্রথম দফার জনগণনার আগে তুফানগঞ্জ পৌরসভার কমিউনিটি হলে গণনাকারীদের প্রশিক্ষণ শিবিরে এই অভিযোগ সামনে এসেছে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জনগণনার জন্য ‘২০২৭ হাউস লিস্টিং ট্রেনিং’ নামে একটি বিশেষ মোবাইল অ্যাপ ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এই অ্যাপের মাধ্যমেই তথ্য সংগ্রহ, নথি আপলোড ও ডিজিটাল রিপোর্টিংয়ের কাজ হবে। কিন্তু বহু কর্মীর অভিযোগ, তাঁদের পুরনো অ্যান্ড্রয়েড ফোনে অ্যাপটি ইনস্টল হচ্ছে না বা সঠিকভাবে কাজ করছে না।
অভিযোগ, বিষয়টি প্রশাসনের নজরে আনা হলেও তাঁদের জানানো হয়েছে, প্রয়োজনে পরিবারের অন্য সদস্যের ফোন ব্যবহার করতে হবে, না হলে নিজের খরচে নতুন স্মার্টফোন কিনে আনতে হবে। এই নির্দেশে শিক্ষক ও সরকারি কর্মীদের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মীর বক্তব্য, সরকারি দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত সরঞ্জাম সরবরাহ করা প্রশাসনের দায়িত্ব। ব্যক্তিগত অর্থ ব্যয় করে সরকারি কাজ করা তাঁদের পক্ষে সম্ভব নয়। অনেকেরই নতুন স্মার্টফোন কেনার আর্থিক সামর্থ্য নেই।
এদিকে, বিষয়টি নিয়ে উচ্চতর কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছেন ক্ষুব্ধ কর্মীদের একাংশ। তবে এই অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।