রঞ্জন সাহা, নয়া জামানা, ময়নাগুড়ি: মহিলাদের নিরাপত্তা ও আইনি সহায়তা সম্পর্কে সচেতন করতে বিশেষ প্রচার কর্মসূচিতে নামল ময়নাগুড়ি থানার ওমেন হেল্প ডেস্ক। বুধবার ময়নাগুড়ি ব্লকের বোলবাড়ি এলাকায় এই সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, ওমেন হেল্প ডেস্কের মহিলা অফিসার এবং অন্যান্য মহিলা পুলিশ কর্মীরা।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মহিলারা যাতে নির্ভয়ে নিজেদের সমস্যা জানাতে পারেন এবং প্রয়োজনীয় আইনি সহায়তা দ্রুত পান, সেই লক্ষ্যেই থানায় ওমেন হেল্প ডেস্ক চালু করা হয়েছে। প্রচার কর্মসূচিতে উপস্থিত মহিলাদের বিভিন্ন সরকারি পরিষেবা, আইনগত অধিকার এবং প্রয়োজনে পুলিশের সঙ্গে কীভাবে যোগাযোগ করতে হবে, সে বিষয়েও বিস্তারিত জানানো হয়।
ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, অনেক মহিলা বিভিন্ন সমস্যার কথা সহজে বলতে পারেন না। তাই থানায় মহিলা অফিসারদের নিয়ে ওমেন হেল্প ডেস্ক গড়ে তোলা হয়েছে। এখানে তাঁরা নিরাপদ পরিবেশে নিজেদের সমস্যা জানাতে পারবেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত আইনানুগ ব্যবস্থা নেবে।
তিনি আরও জানান, শুধু থানায় পরিষেবা দিলেই হবে না, গ্রামের মহিলাদের মধ্যেও সচেতনতা বাড়ানো জরুরি। সেই উদ্দেশ্যেই বিভিন্ন এলাকায় ধারাবাহিকভাবে প্রচার অভিযান চালানো হচ্ছে। মহিলারা যেন নিজেদের নিরাপদ মনে করেন এবং প্রয়োজনে পুলিশের দ্বারস্থ হতে দ্বিধা না করেন, সেই বার্তাই তুলে ধরা হচ্ছে।
এই সচেতনতা কর্মসূচিতে এলাকার বহু মহিলা অংশগ্রহণ করেন। তাঁরা ওমেন হেল্প ডেস্কের পরিষেবা সম্পর্কে বিস্তারিত তথ্য জানেন এবং পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানান। পুলিশ প্রশাসনের আশা, এ ধরনের প্রচার কর্মসূচির মাধ্যমে নারী নিরাপত্তা ও আইনি সচেতনতা আরও জোরদার হবে।
পদ্ম শিবিরের ‘যুবশক্তি’ কর্মসূচিতে, ‘মাতৃশক্তি’ কার্ড, কটাক্ষ তৃণমূলের