নয়া জামানা,মালদহ:ভিড়ের শহরে হারিয়ে যাওয়া জিনিস ফেরত পাওয়া যেন আজকাল অলৌকিক ঘটনা। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করে দেখালেন এক সাধারণ টোটোচালক।তাঁর সততাই আজ জয় করল অসংখ্য মানুষের মন।ইংরেজবাজার ব্লকের কাজি গ্রামের বাসিন্দা কারিমুল মোমিন।পেশায় টোটোচালক। প্রতিদিনের মতো যাত্রী নিয়ে শহরের পথে বেরিয়েছিলেন। মালদার মালঞ্চপল্লী থেকে ফুলবাড়ি যাওয়ার পথে তাঁর টোটোতে ওঠেন নমিতা মণ্ডল। গন্তব্যে পৌঁছে তিনি বুঝতে পারেন টোটোতেই পড়ে রয়েছে তাঁর মোবাইল ফোন ও ব্যাগ।
অন্য কেউ হলে হয়তো নীরব থাকতেন। কিন্তু কারিমুল মোমিন তা করেননি। হারিয়ে যাওয়া ব্যাগ ও মোবাইল হাতে নিয়ে তিনি সোজা পৌঁছে যান গৌড় রোড ট্রাফিক ইনচার্জ অমিত কুমার পোদ্দারের কাছে।এরপর পুলিশের উদ্যোগে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দেওয়া হয় তাঁর মূল্যবান সামগ্রী।
হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেয়ে আবেগে ভেসে যান নমিতা মণ্ডল ও তাঁর পরিবার। আর টোটোচালক কারিমুল মোমিনের সততা কুড়িয়ে নেয় সকলের প্রশংসা।পাশে থেকেছে গৌড় রোড ট্রাফিক পুলিশের দায়িত্বশীল ভূমিকাও।
অর্থের লোভে যখন প্রতিদিন মানবিকতা হারানোর খবর শোনা যায় তখন কারিমুল মোমিনের মতো মানুষরাই মনে করিয়ে দেন সততা এখনও পথ হারায়নি,মানুষের ভেতরেই বেঁচে আছে।