নয়া জামানা, বর্ধমান: রাজ্যে বিজেপি সরকার গঠনের পর অঙ্গনওয়াড়ি (আইসিডিএস) ও আশা কর্মীদের মাসিক ভাতা এক ধাক্কায় ৫ হাজার টাকা বৃদ্ধি করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাতে একটি বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। সোমবার পশ্চিম বর্ধমানের বারাবনিতে অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, আশা কর্মী, ভিআরপি এবং স্বনির্ভর গোষ্ঠী ইউনিয়নের যৌথ উদ্যোগে একটি বিশাল ‘ধন্যবাদ যাত্রা’ অনুষ্ঠিত হয়।
এই ধন্যবাদ যাত্রাটি বারাবনির দোমহানির বিবেকানন্দ গ্রামীণ গ্রন্থাগারের সামনে থেকে শুরু হয়ে দোমহানি জলট্যাঙ্কি মোড় পর্যন্ত পরিক্রমা করে। মিছিলে স্থানীয় কর্মীদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারাবনি বিধানসভার বিজেপি বিধায়ক অরিজিৎ রায়।
মিছিলে অংশ নিয়ে বিধায়ক অরিজিৎ রায় বলেন, ‘আইসিডিএস এবং আশা কর্মীরা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাদের দিয়ে প্রচুর কাজ করানো হলেও আগের সরকার তাদের প্রাপ্য সম্মান বা পারিশ্রমিক দেয়নি। কিন্তু বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই প্রান্তিক স্তরের কর্মীদের কথা ভেবেছেন এবং একবারে ৫ হাজার টাকা ভাতা বাড়িয়েছেন।’ এলাকার জনপ্রতিনিধি হিসেবে কর্মীদের এই আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানে শামিল হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত বলেও জানান।