সায়ন ভান্ডারী, নয়া জামানা, বীরভূম: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর শিক্ষা সংক্রান্ত বিভিন্ন নিয়মে পরিবর্তন আনা হয়েছে। সেই প্রেক্ষিতে বিরোধী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন, আইন অনুযায়ী সরকারি শিক্ষক-শিক্ষিকারা ব্যক্তিগতভাবে ছাত্র-ছাত্রীদের টিউশন পড়াতে পারবেন না। এই সিদ্ধান্তের জেরে বীরভূম জেলার রামপুরহাট শহরের বহু পড়ুয়া, যারা দীর্ঘদিন ধরে সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের কাছে টিউশন পড়ে আসছিল, হঠাৎ সেই পড়াশোনা বন্ধ হয়ে যাওয়ায় চরম সমস্যার মুখে পড়েছে। এর ফলে উদ্বেগ ও হতাশা ছড়িয়েছে পড়ুয়াদের পাশাপাশি তাঁদের অভিভাবকদের মধ্যেও। সমস্যার সমাধানের দাবিতে মঙ্গলবার একাধিক পড়ুয়া ও অভিভাবক রামপুরহাট মহকুমা শাসক (এসডিও)-এর দফতরে লিখিত অভিযোগপত্র জমা দেন। তাঁদের দাবি, চলতি শিক্ষাবর্ষের স্বার্থে অন্তত বছরের বাকি সময়টুকু তাঁদের সন্তানদের ওই শিক্ষক-শিক্ষিকাদের কাছেই পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়া হোক, যাতে পরীক্ষার প্রস্তুতি ও শিক্ষাজীবনে কোনও ব্যাঘাত না ঘটে। অভিযোগপত্র গ্রহণের পর মহকুমা শাসক আশ্বস্ত করে জানান, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পড়ুয়া ও অভিভাবকদের বক্তব্য, হঠাৎ এই সিদ্ধান্তের ফলে বহু ছাত্র-ছাত্রীর পরীক্ষার প্রস্তুতি ব্যাহত হচ্ছে। তাই মানবিক দৃষ্টিভঙ্গি থেকে প্রশাসন দ্রুত একটি বাস্তবসম্মত ও শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেবে বলেই তাঁরা আশা প্রকাশ করেছেন।