তারিক আনোয়ার,নয়া জামানা,বীরভূম: ভারতবর্ষের অখণ্ডতা, জাতীয় সংহতি এবং ভৌগোলিক ঐক্যের অন্যতম প্রধান স্থপতি, দেশের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তথা ‘লৌহ মানব’ সর্দার বল্লভভাই প্যাটেলের সার্ধশততম (১৫০তম) জন্মজয়ন্তী উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে এই মহান রাষ্ট্রনায়ককে। তাঁর আদর্শ ও কর্মজীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং জাতীয় ঐক্যের বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে বীরভূমের রামপুরহাটে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য ‘রান ফর ইউনিটি’ কর্মসূচি।রামপুরহাট পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রামপুরহাট বিধানসভার নবনির্বাচিত বিধায়ক ধ্রুব সাহা। এদিন সাধারণ মানুষ, পুলিশ কর্মী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যের দৌড়ে শামিল হন তিনি।কর্মসূচি শেষে বিধায়ক ধ্রুব সাহা বলেন, ভারতবর্ষের লৌহ মানব, ঐক্য ও অখণ্ডতার প্রতীক সর্দার বল্লভভাই প্যাটেলের ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে রামপুরহাট পুলিশ প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘রান ফর ইউনিটি’ কর্মসূচিতে উপস্থিত থেকে অংশগ্রহণ করতে পেরে আমি গর্বিত। জাতীয় ঐক্য, সংহতি ও দেশপ্রেমের বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই মহৎ উদ্যোগকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।উল্লেখ্য, স্বাধীনতার পর দেশীয় রাজ্যগুলিকে একত্রিত করে আধুনিক ভারতের ভৌগোলিক ও রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠায় সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান অনস্বীকার্য। তাঁর জীবনাদর্শ আজও দেশবাসীকে ঐক্য, দেশপ্রেম এবং জাতীয় সংহতির পথে অনুপ্রাণিত করে চলেছে। সেই আদর্শকে সামনে রেখেই রামপুরহাটে আয়োজিত ‘রান ফর ইউনিটি’ কর্মসূচি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল।