আমিনুর রহমান, নয়া জামানা, নাদনঘাট: পূর্ব বর্ধমান জেলার নাদনঘাটের নসরৎপুর গ্রাম পঞ্চায়েতে এক নজিরবিহীন জনরোষের ঘটনাটি ঘটেছে। সোমবার তৃণমূল পরিচালিত এই পঞ্চায়েতের উপপ্রধান মোবিল হোসেন মন্ডলকে ঘিরে ধরে চরম ক্ষোভ উগরে দেন স্থানীয় বাসিন্দারা। দুর্নীতি, তোলাবাজি এবং সাধারণ মানুষের ওপর লাগাতার অত্যাচারের অভিযোগে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। বিক্ষোভের একপর্যায়ে উত্তেজিত জনতা ওই উপপ্রধানকে লক্ষ্য করে প্রথমে ডিম ছোড়ে এবং পরে তাঁর মাথায় গোবরজল ঢেলে দেয়। শুধু তাই নয়, ক্ষিপ্ত গ্রামবাসীরা ড্রেন থেকে নোংরা জল তুলে তাঁর গায়ে ঢেলে দিয়ে চরম হেনস্থা করে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তৃণমূলের নাম ভাঙিয়ে এলাকায় একছত্র দাপট ও জুলুমবাজি চালাচ্ছিলেন মোবিল হোসেন। পঞ্চায়েতে বসেই বিভিন্ন সরকারি কাজে তোলাবাজি এবং সাধারণ মানুষকে হুমকি দেওয়া তাঁর নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়েছিল। রাজনৈতিক পালাবদলের পরও তাঁর এই অত্যাচার কমেনি। সোমবার এক গ্রামবাসী পঞ্চায়েতে নিজের প্রয়োজনে গেলে তাঁর সঙ্গে চরম দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। এই খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তের মধ্যে কয়েকশো ক্ষুব্ধ গ্রামবাসী পঞ্চায়েত কার্যালয়ে জড়ো হন।
উপপ্রধানকে ঘিরে ধরে ‘চোর চোর’ স্লোগান দিতে দিতে আচমকাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ডিম ও গোবরজল থেরাপির পাশাপাশি তাঁকে শারীরিক ও মানসিকভাবে হেনস্থা করা হয়। পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় নাদনঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। তাঁরা উত্তেজিত জনতার হাত থেকে কোনো রকমে উপপ্রধানকে উদ্ধার করে থানায় নিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে সমগ্র এলাকায় ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।