নয়া জামানা , নদিয়া : তৃণমূল নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের জাল ক্রমশ বিস্তৃত হচ্ছে। বিধাননগরের প্রাক্তন মেয়র তথা তৃণমূলের প্রাক্তন নেতা সব্যসাচী দত্তকে ঘিরে তদন্তে নেমে এবার তাঁর এক ঘনিষ্ঠ নেত্রীর বাড়ি থেকে বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধারের দাবি করল পুলিশ। সোমবার গভীর রাতে নদিয়ার তেহট্টে অভিযান চালিয়ে জেলা পরিষদের সদস্য টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে প্রায় ৩ কেজি সোনার গয়না উদ্ধার করা হয়েছে বলে তদন্তকারী সূত্রে খবর। উদ্ধার হওয়া গয়নার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি টাকারও বেশি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি মাসের গোড়ায় তোলাবাজি, বেআইনি সম্পত্তি অর্জন-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হন সব্যসাচী দত্ত। তদন্ত চলাকালীন তাঁর রাজারহাটের ফ্ল্যাট এবং ব্যাঙ্ক লকার থেকে সোনা কেনার একাধিক নথি ও প্রায় সাড়ে ৩ কেজি সোনা উদ্ধার হয়েছিল বলে দাবি তদন্তকারীদের। সেই সূত্র ধরেই সামনে আসে আরও কয়েকজন ঘনিষ্ঠ ব্যক্তির নাম।
তদন্তে উঠে আসে, নিজের পাশাপাশি ঘনিষ্ঠদের নামেও বিপুল পরিমাণ সোনা কেনার ব্যবস্থা করেছিলেন সব্যসাচী দত্ত। জেরায় পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতে তাঁকে সঙ্গে নিয়েই তেহট্টে টিনা ভৌমিক সাহার বাড়িতে তল্লাশি চালায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
অভিযানে প্রায় ৩ কেজি সোনার গয়না উদ্ধার হয় বলে দাবি পুলিশের। প্রাথমিক হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া সোনার বর্তমান বাজারমূল্য প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকা। সমস্ত গয়না বাজেয়াপ্ত করে তার উৎস ও মালিকানা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
তদন্তকারীদের অনুমান, উদ্ধার হওয়া সোনার সঙ্গে কালো টাকা ও বেআইনি আর্থিক লেনদেনের যোগ থাকতে পারে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আরও তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে পুলিশ। এই ঘটনায় রাজনৈতিক মহলেও ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আরো পড়ুন: