অভিজিত চক্রবর্তী, নয়া জামানা, আলিপুরদুয়ার: দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের ভারত-ভুটান সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ বাণিজ্য শহর জয়গাঁ কে অবশেষে পৌরসভায় উন্নীত করার ঘোষণা করা হলো। রাজ্য বিধানসভার বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই ঐতিহাসিক ঘোষণা করেন। এতকাল জয়গাঁও ডেভেলপমেন্ট অথরিটির (জেডিএ) মাধ্যমে এলাকার উন্নয়নমূলক কাজ চললেও, পূর্ণাঙ্গ পৌরসভা গঠনের এই সিদ্ধান্তে সীমান্ত শহরজুড়ে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
এই যুগান্তকারী সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিজেপি নেতা কৃপাশঙ্কর জয়সওয়াল এবং জয়গাঁও ট্রান্সপোর্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নবীন শর্মা যৌথভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য সরকার এবং স্থানীয় বিধায়ক ও মন্ত্রী বিশাল লামাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন। স্থানীয় নেতৃত্বের আশা, দীর্ঘদিন ধরে জয়গাঁ তে জল জমা, দুর্বল নিকাশি ও সাফাই ব্যবস্থার যে সমস্যা ছিল, পৌরসভা গঠনের ফলে নির্দিষ্ট প্রশাসনিক বিভাগের মাধ্যমে এবার তার স্থায়ী সমাধান সম্ভব হবে।
ভুটানের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই শহরের পর্যটন পরিকাঠামোকে বিশ্বমানের করে গড়ে তোলার পাশাপাশি উন্নত ট্রাফিক নিয়ন্ত্রণ, পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা এবং দ্রুত রাস্তা সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ব্যাপক গতি আসবে বলে মনে করা হচ্ছে। এর ফলে স্থানীয় অর্থনীতি অনেকটাই চাঙ্গা হবে। এছাড়াও, জয়গাঁ তে উন্নত হাসপাতাল পরিষেবা, বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ এবং স্থানীয় বাসিন্দাদের জমির লিজ ও পাট্টা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন বিশিষ্টজনেরা। বাসিন্দাদের মতে, এই ঐতিহাসিক সিদ্ধান্তের হাত ধরে জয়গাঁ এবার একটি আধুনিক, পরিচ্ছন্ন ও সুসংগঠিত সীমান্ত শহর হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে।