নয়া জামানা, শিলিগুড়ি: রাজ্যের পর্যটনমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের পর শিলিগুড়িতে এসে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করলেন বিধায়ক শঙ্কর ঘোষ। সোমবার শহরের মৈনাক ট্যুরিজম প্রপার্টিতে অবস্থিত পর্যটন দফতরের কার্যালয়ে পৌঁছে তিনি কার্যভার গ্রহণ করেন। সেখানে দফতরের আধিকারিকরা তাঁকে উষ্ণ সংবর্ধনা জানান। দায়িত্ব নিয়েই মন্ত্রী স্পষ্ট করে দেন, তাঁর মূল লক্ষ্য হল উত্তরবঙ্গসহ সমগ্র রাজ্যের পর্যটন শিল্পকে বিশ্বদরবারে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। তিনি জানান, বাংলার পর্যটনকে এমনভাবে সাজিয়ে তোলা হবে যা বিশ্বের মানচিত্রে এক অনন্য ও বিশেষ পরিচিতি লাভ করবে।
পর্যটন শিল্পের এই রূপান্তরের লক্ষ্যে আগামী ১৭ তারিখ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক ডাকাহয়েছে বলে জানান মন্ত্রী। সেখানে উন্নয়নের একাধিক নতুন প্রস্তাব পেশ করা হবে, যা পরবর্তী সময়ে রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও অনুমোদনের জন্য তোলা হবে। একই সঙ্গে পাহাড়ের দীর্ঘদিনের প্রশাসনিক ও পরিকাঠামো গত সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন তিনি। বিশেষ করে, ঘুম থেকে দার্জিলিং যাওয়ার পথে তীব্র যানজটের কারণে পর্যটকদের যে চরম ভোগান্তি পোহাতে হয়, সেটিকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন। এই সমস্যা মেটাতে ইতিমধ্যেই জেলা প্রশাসনের সঙ্গে আলোচনা শুরু হয়েছে এবং দ্রুত কার্যকর পদক্ষেপ করা হবে বলে জানান তিনি।
পাশাপাশি, উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী চা শিল্পের সুরক্ষার বিষয়েও জোর দিয়েছেন শঙ্কর ঘোষ। তাঁর মতে, পর্যটন প্রসারের নামে যেন কোনোভাবেই চা বাগানের ক্ষতি না হয়। রাজ্য সরকার চা শিল্প ও পর্যটন—উভয় ক্ষেত্রের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রেখেই সার্বিক উন্নয়নের পথে হাঁটবে। নতুন পর্যটনমন্ত্রীর এই সময়োপযোগী ও বহুমুখী পরিকল্পনাকে ঘিরে উত্তরবঙ্গের পর্যটন মহলে বর্তমানে এক নতুন আশার আলো দেখা দিয়েছে।
আরও পড়ুন: