রাকেশ লাহা, নয়া জামানা, বর্ধমান: পশ্চিম বর্ধমানের জামুড়িয়ার ইখড়া শিল্প তালুকের গিরিধন কারখানায় সপ্তাহের শুরুতেই তীব্র উত্তেজনা ছড়াল। দৈনিক মজুরি বৃদ্ধি, পর্যাপ্ত নিরাপত্তা এবং কর্মক্ষেত্রের পরিবেশের উন্নতির দাবিতে সোমবার সকাল থেকেই কারখানার প্রধান ফটকের বাইরে বিক্ষোভে ফেটে পড়েন বহু সংখ্যক ঠিকা শ্রমিক। এই আন্দোলনে পুরুষ শ্রমিকদের পাশাপাশি পা মেলান কারখানার মহিলা ঠিকা শ্রমিকরাও। বিক্ষোভ চলাকালীন দফায় দফায় শ্রমিকদের মুখে ‘জয় শ্রী রাম’ ধ্বনি শোনা যায়।
বিক্ষোভকারী শ্রমিকদের মূল অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা মাত্র ৩৩৫ টাকা দৈনিক মজুরিতে কাজ করতে বাধ্য হচ্ছেন, অথচ সরকারি নিয়ম অনুযায়ী নির্ধারিত দৈনিক মজুরি ৭৮৩ টাকা। শ্রমিকদের দাবি, অবিলম্বে তাদের এই সরকারি হারে মজুরি দিতে হবে। এর পাশাপাশি প্রতি মাসের ৭ থেকে ১০ তারিখের মধ্যে বেতন মিটিয়ে দেওয়া, মাসে চার দিন ছুটি এবং কারখানার ভেতরে শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার দাবিও জানান তারা।
বিক্ষোভকারীরা ক্ষোভ উগরে দিয়ে আরও বলেন যে, কারখানায় তাদের নূন্যতম সুযোগ-সুবিধাটুকুও দেওয়া হয় না। প্রখর গ্রীষ্মের মধ্যেও শ্রমিকদের জন্য ঠান্ডা পানীয় জলের কোনো ব্যবস্থা নেই, এমনকি কারখানায় নেই কোনো শৌচাগারও। সোমবার এই ব্যাপক বিক্ষোভের জেরে গিরিধন কারখানার উৎপাদন ব্যবস্থা কিছুক্ষণের জন্য সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষ পর্যন্ত মুখ খোলে কারখানা কর্তৃপক্ষ। তারা জানান, শ্রমিকদের এই দাবিদাওয়া নিয়ে খুব দ্রুত ঠিকাদারদের সাথে আলোচনা করে সঠিক ব্যবস্থা নেওয়া হবে। কর্তৃপক্ষের এই আশ্বাসের পর অবশেষে শ্রমিকরা বিক্ষোভ তুলে নেন। তবে আন্দোলনকারীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দ্রুত দাবি পূরণ না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।
আরও পড়ুন: