টিনা প্রামাণিক ০ কলকাতা : রাজ্যে ক্ষমতার পালাবদল হতেই একের পর এক নজিরবিহীন সিদ্ধান্ত নিতে শুরু করেছে নবগঠিত বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে নতুন সরকার গঠনের পর এখনও ১০ দিনও পার হয়নি, তার মধ্যেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদলের ইঙ্গিত মিলল। সোমবার আয়োজিত মন্ত্রিসভার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বেশ কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ হল— রাজ্যে ধর্মের ভিত্তিতে দেওয়া সমস্ত রকম ভাতা ও আর্থিক অনুদান বন্ধের ঘোষণা। সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, ধর্মের নামে আর কোনো বাড়তি সুবিধা দেওয়া হবে না।
পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে পড়ুয়া থেকে শুরু করে বিভিন্ন সম্প্রদায়ের ধর্মগুরুদের জন্য একাধিক বিশেষ আর্থিক প্রকল্প ও ভাতা চালু করা হয়েছিল। আগামী মাস অর্থাৎ জুন থেকেই সেইসব প্রকল্প পুরোপুরি বন্ধ হতে চলেছে বলে জানা গেছে।
বন্ধের মুখে পড়ুয়াদের একাধিক স্কলারশিপ-
তৃণমূল সরকারের আমলে সংখ্যালঘু ও নির্দিষ্ট সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য যে সমস্ত আর্থিক সহায়তা প্রকল্প চালু ছিল, তা এবার বন্ধের তালিকায় রয়েছে-
* ঐক্যশ্রী প্রকল্প: রাজ্যের মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন ও পার্সি সম্প্রদায়ের মেধাবী পড়ুয়াদের এই প্রকল্পের আওতায় আর্থিক সাহায্য দেওয়া হতো। প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত বছরে ১ থেকে ৫ হাজার টাকা এবং একাদশ শ্রেণি থেকে পিএইচডি স্তর পর্যন্ত ৫ থেকে ১০ হাজার টাকা মিলত। পেশাদার কোর্সের ক্ষেত্রে এই অনুদান ছিল সর্বোচ্চ ৩০ হাজার টাকা। আগামী মাস থেকে এই সুবিধা আর পাওয়া যাবে না।
* ওয়েসিস স্কলারশিপ: রাজ্যের তফশিলি জাতি ও উপজাতি ভুক্ত মেধাবী পড়ুয়াদের জন্য এই স্কলারশিপের ব্যবস্থা ছিল। নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে দেওয়া এই ভাতাও সম্ভবত এবার বন্ধ হতে চলেছে।
* ওয়েস্ট বেঙ্গল জাকাত স্কলারশিপ:পশ্চিমবঙ্গ জাকাত ফান্ডের পক্ষ থেকে মূলত অভাবী ও পিছিয়ে পড়া মুসলিম পড়ুয়াদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই আর্থিক সাহায্য দেওয়া হতো। নতুন সরকারের সিদ্ধান্তে এই প্রকল্পটিও বন্ধের মুখে।
বন্ধ হচ্ছে পুরোহিত ও ইমাম-মোয়াজ্জেম ভাতা-
পড়ুয়াদের পাশাপাশি পূর্বতন সরকারের চালু করা বিভিন্ন ধর্মগুরুদের ভাতাতেও কোপ বসাতে চলেছে শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভা-
* পুরোহিত ভাতা: বিগত সরকারের আমলে সনাতন ধর্মের পুরোহিতদের জন্য মাসে ১৫০০ টাকা ভাতা চালু করা হয়েছিল। গত মার্চ মাসেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা বাড়িয়ে ২০০০ টাকা করার ঘোষণা করেছিলেন। এর পাশাপাশি ঘর মেরামতের জন্য দেওয়া হতো ১ লক্ষ ২০ হাজার টাকা। নতুন সরকারের সিদ্ধান্তে এই সমস্ত সুবিধাই বন্ধ হচ্ছে।
* ইমাম-মোয়াজ্জেম ভাতা: মুসলিম ধর্মগুরুদের সামাজিক সুরক্ষার কথা মাথায় রেখে পূর্বতন সরকার এই ভাতার ব্যবস্থা করেছিল। বর্তমানে ইমাম ও মোয়াজ্জেমরা প্রতি মাসে ২০০০ টাকা করে ভাতা পেতেন। আগামী জুন মাস থেকে এই ভাতাও পুরোপুরি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সব মিলিয়ে, ক্ষমতায় এসেই ‘সবার সাথ, সবার বিকাশ’ এবং তুষ্টিকরণের রাজনীতি অবসানের বার্তা দিতে চাইছে নতুন বিজেপি সরকার। সরকারের এই কড়া পদক্ষেপের পর রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে ইতিপূর্বেই জোর চর্চা শুরু হয়েছে।