নয়া জামানা ডেস্ক : বিধানসভা নির্বাচন পরবর্তী অশান্তি ও ঘরছাড়াদের নিরাপদে ফেরানো নিয়ে কড়া অবস্থান নিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে আদালত স্পষ্ট জানিয়ে দেয়, অশান্তির জেরে যাঁরা ঘরছাড়া হয়েছেন বা যাঁদের বাড়ি-দোকানে ভাঙচুর হয়েছে, তাঁদের দ্রুত নিরাপত্তা দিয়ে ফিরিয়ে আনার দায়িত্ব পুলিশকেই নিতে হবে।
এই মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সুজয় পল এবং বিচারপতি পার্থসারথি সেন-এর ডিভিশন বেঞ্চে। আদালত নির্দেশ দিয়েছে, আগামী তিন সপ্তাহের মধ্যে সমস্ত অভিযোগের ভিত্তিতে বিস্তারিত রিপোর্ট জমা দিতে হবে পুলিশকে। একই সঙ্গে রাজ্য সরকারকেও হলফনামা দিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ মে তৃণমূলের-এর পক্ষ থেকে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় ভোট পরবর্তী হিংসা নিয়ে মামলা দায়ের করেন এবং দ্রুত শুনানির আবেদন জানান। বৃহস্পতিবারের শুনানিতে অংশ নেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আইনজীবীর কালো পোশাকে তাঁকে কলকাতা হাইকোর্টে দেখা ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচন পরবর্তী অশান্তি নিয়ে বিরোধী শিবির প্রশাসনের উপর চাপ বাড়াতে চাইছে। অন্যদিকে আদালতও স্পষ্ট বার্তা দিয়েছে যে, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব এবং সেই কাজে পুলিশকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে।
এদিকে, প্রাক্তন মুখ্যমন্ত্রীর হাইকোর্টে উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংযত প্রতিক্রিয়া দেন। বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আমার অনেক কাজ রয়েছে। এসব নিয়ে ভাবার সময় নেই। আমি এসব নিয়ে ভাবতেও রাজি নই।
নির্বাচনী হলফনামায় তথ্য গোপন, বিহারের মন্ত্রী সহ ৪৫ বিধায়ককে হাইকোর্টের নোটিশ