সীতারাম মুখার্জি, নয়া জামানা, দুর্গাপুর : দীর্ঘদিনের সন্ত্রাস ও তোলাবাজির অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন পূর্ব বর্ধমান জেলার বুদবুদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা দাপুটে তৃণমূল নেতা রুদ্রপ্রসাদ ওরফে মনা কুণ্ডু। বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে।অভিযোগের পাহাড় মনা কুণ্ডুর বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। স্থানীয় সূত্রে খবর, এলাকায় দীর্ঘদিন ধরে তিনি ও তাঁর অনুগামীরা একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিলেন। তাঁর বিরুদ্ধে মূল অভিযোগগুলো হলো ব্যবসায়ী ও সাধারণ মানুষের থেকে জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ। টাকা দিতে অস্বীকার করলে মিলত প্রাণ নাশের হুমকি।নির্বাচনের আগে ও পরে বিজেপি কর্মীদের ওপর শারীরিক নিগ্রহ এবং এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করা।অভিযোগ রয়েছে, মনা কুণ্ডুর আতঙ্কে বহু বিজেপি কর্মী ও বিরোধী সমর্থক দীর্ঘদিন ধরে এলাকাছাড়া ছিলেন।গত ৪ মে ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই মনা কুণ্ডু এলাকা ছেড়ে আত্মগোপন করেছিলেন। রাজ্যে রাজনৈতিক পরিস্থিতি বদলাতেই পুলিশ তাঁর খোঁজে তল্লাশি শুরু করে। অবশেষে বুধবার রাতে পুলিশের তৎপরতায় তিনি ধরা পড়েন।
বৃহস্পতিবার সকালেই ধৃত তৃণমূল নেতাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ ঘটনার গভীরে পৌঁছাতে এবং বাকি অভিযুক্তদের হদিশ পেতে মনা কুণ্ডুকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে।