আমিনুর রহমান ও সীতারাম মুখার্জি, নয়া জামানা, বর্ধমান: রাজ্যের উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় নবম স্থান দখল করে নজর কাড়ল দুই কৃতি ছাত্র— সাগর মন্ডল ও অভিমুন্য সিং। দুজনেই ৪৮৮ নম্বর পেয়ে রাজ্যের সম্ভাব্য মেধাতালিকায় নিজেদের নাম উজ্জ্বল করেছে। কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়ের ছাত্র সাগর মন্ডলের লড়াইটা ছিল কার্যত অভাবের বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুরের বাসিন্দা সাগর প্রতিদিন নদী পার হয়ে কালনার স্কুলে আসত। বাবা-মা দুজনেই কর্মসূত্রে গুজরাটে সাফাই কর্মীর কাজ করায় তাকে নিজের হাতে রান্না থেকে শুরু করে ঘরের সব কাজ সামলে পড়াশোনা চালিয়ে যেতে হতো। অদম্য ইচ্ছাশক্তিকে সম্বল করে অভাবকে জয় করা সাগরের লক্ষ্য ভবিষ্যতে একজন আইএএস অফিসার হওয়া।

অন্যদিকে, পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের ভিড়িঙ্গি টি এন ইন্সটিটিউশনের ছাত্র অভিমুন্য সিংও সমপরিমাণ নম্বর পেয়ে নবম স্থান অধিকার করেছে। হর্ষবর্ধন এ্যাভিনিউয়ের বাসিন্দা অভিমুন্যর স্বপ্ন একজন দক্ষ চিকিৎসক হওয়া। পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে পড়াশোনা করা অভিমুন্য তার সাফল্যের কৃতিত্ব দিয়েছে কঠোর পরিশ্রম ও ঈশ্বরভক্তিকে। সম্প্রতি নিট পরীক্ষা বাতিল হওয়া সত্ত্বেও সে দমে না গিয়ে পুনরায় প্রস্তুতির লড়াই চালিয়ে যাচ্ছে। দুই জেলা থেকে দুই মেধাবীর এই ভিন্নধর্মী জীবন সংগ্রামের সাফল্য আজ সমগ্র রাজ্যের ছাত্রছাত্রীদের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পাড়া-প্রতিবেশী, সকলেই তাদের এই সাফল্যে গর্বিত ও উচ্ছ্বসিত।