বাবলু রহমান,নয়া জামানা ,জলপাইগুড়ি : বাগ্রাকোটে দীর্ঘদিনের আবর্জনার সমস্যায় অবশেষে মিলল স্বস্তি। বুধবার মাল ব্লক প্রশাসন ও বাগ্রাকোট গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এলাকায় জমে থাকা নোংরা আবর্জনা পরিষ্কারের বিশেষ অভিযান চালানো হয়। প্রশাসনের এই উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। এদিন ভানু মাঠ, টপ লাইন এলাকা এবং শ্মশান সংলগ্ন বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনা পরিষ্কার করা হয়। স্থানীয়দের অভিযোগ ছিল, বহুদিন ধরে ওইসব এলাকায় আবর্জনার স্তূপ জমে থাকায় চারপাশে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছিল। শুধু তাই নয়, অস্বাস্থ্যকর পরিবেশের কারণে সাধারণ মানুষের মধ্যে রোগ ছড়ানোর আশঙ্কাও বাড়ছিল। বিশেষ করে বর্ষার আগে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন বাসিন্দারা। এলাকার মানুষ বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পর অবশেষে নড়েচড়ে বসে ব্লক প্রশাসন ও গ্রাম পঞ্চায়েত। বুধবার সকাল থেকেই শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। প্রশাসনিক কর্মী, সাফাইকর্মী এবং স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় কয়েক ঘণ্টার মধ্যেই পুরো এলাকা আবর্জনামুক্ত করা হয়। জমে থাকা প্লাস্টিক, পচা ময়লা এবং অন্যান্য বর্জ্য সরিয়ে ফেলার পাশাপাশি বিভিন্ন জায়গায় জীবাণুনাশকও ছড়ানো হয় বলে জানা গেছে। দীর্ঘদিনের সমস্যা মিটতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের বক্তব্য, দীর্ঘদিন ধরে এই সমস্যার কারণে চরম ভোগান্তির মধ্যে থাকতে হচ্ছিল। দুর্গন্ধে সাধারণ মানুষের চলাফেরা পর্যন্ত কষ্টকর হয়ে উঠেছিল। অবশেষে প্রশাসনের উদ্যোগে এলাকা পরিষ্কার হওয়ায় অনেকটাই স্বস্তি ফিরেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকা পরিষ্কার রাখার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, সাধারণ মানুষেরও। তাই বাসিন্দাদের নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার অনুরোধ জানানো হয়েছে। যেখানে সেখানে ময়লা ফেললে আবারও একই পরিস্থিতি তৈরি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে। পাশাপাশি পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এবং সুস্থ সমাজ গড়ে তুলতে সকলকে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয়দের একাংশ মনে করছেন, নিয়মিত এই ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালানো হলে ভবিষ্যতে আর এমন সমস্যা তৈরি হবে না। প্রশাসনের এই দ্রুত পদক্ষেপে আপাতত স্বস্তির আবহ তৈরি হয়েছে গোটা বাগ্রাকোট এলাকায়।
প্রশাসনের উদাসীনতায় মৃত্যুঘণ্টা কুমলাই নদীর, আগুনের আতঙ্কে ধূপগুড়ি