সীতারাম মুখার্জি,নয়া জামানা ,আসানসোল : শহরের যানজট মুক্তি ও জনজীবন স্বাভাবিক করতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে আসানসোল পৌরনিগম। আগামী ১৬ই মে, শনিবার শহরের অত্যন্ত ব্যস্ত হটন রোডে বড়সড় উচ্ছেদ অভিযান চালানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন পৌরনিগম সূত্রে এই খবর নিশ্চিত করা হয়েছে।হটন রোড মোড় থেকে ইসমাইল মোড় পর্যন্ত রাস্তার দু’ধারের সমস্ত অবৈধ নির্মাণ ভাঙ্গা হবে।অভিযান শুরুর আগে আজ,বুধবার থেকে এলাকায় মাইকিং করে দখলদারদের সরে যাওয়ার জন্য প্রচার চালানো হবে।আসানসোল চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে গত ১০ই মে মেয়র বিধান উপাধ্যায়ের কাছে যানজট মুক্ত করার আবেদন জানানো হয়েছিল। সেই আবেদনের ভিত্তিতেই এই ত্বরিত পদক্ষেপ।আসানসোল চেম্বার অফ কমার্সের সম্পাদক শম্ভুনাথ ঝাঁ মেয়রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তবে তিনি মনে করিয়ে দিয়েছেন যে, সমস্যাটি কেবল হটন রোডের নয়। তার কথায় এটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। তবে জিটি রোড, বাজার এলাকা এবং ফুটপাত থেকেও দখল হাঠানো জরুরি। পাশাপাশি অটো ও টোটোর অনিয়ন্ত্রিত চলাচল বন্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।উল্লেখ্য, এর আগেও হটন রোডে বুলডোজার নিয়ে উচ্ছেদে নেমেছিলেন মেয়র। কিন্তু অজ্ঞাত কারণে শেষ মুহূর্তে সেই অভিযান স্থগিত করা হয়েছিল।রাজনৈতিক মহলে গুঞ্জন ছিল, তৎকালীন প্রভাবশালী মন্ত্রীর আপত্তিতেই পৌরনিগম পিছিয়ে এসেছিল।তবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রশাসনের ওপর তেমন কোনও ‘চাপ’ নেই বলেই মনে করছেন শহরবাসী।এবারের অভিযান সফল করতে প্রশাসন বদ্ধ পরিকর। বুধবার থেকে মাইকিং শুরু হওয়ার পর যারা স্বেচ্ছায় দখল সরাবেন না, ১৬ তারিখ তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।আসানসোলের এই দীর্ঘদিনের যানজট সমস্যা কি এবার স্থায়ীভাবে মিটবে? নজর থাকবে ১৬ই মে-র অভিযানের দিকে।