নয়া জামানা , পুরুলিয়া : আড়ষা থানার কোরাং এলাকায় বাস ও ট্রেলারের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল এক শিশুকন্যার। শনিবার ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও অন্তত ১২ জন বাসযাত্রী। আহতদের উদ্ধার করে পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অতিরিক্ত গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। পুলিশ বাস ও ট্রেলার দু’টিকেই আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম দ্বীপান্বিতা দাস (৭), ডাকনাম পাখি। তার বাড়ি টামনা থানার রাঁয়বাধ গ্রামে। শনিবার সকালে মায়ের সঙ্গে বাসে করে মামারবাড়ি যাচ্ছিল সে। বাসটি পুরুলিয়া থেকে বলরামপুর হয়ে টাটার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পাখির মা সুমিত্রা দাস ও ছোট বোনও বাসে ছিলেন। কোরাং এলাকায় পৌঁছতেই উল্টোদিক থেকে আসা একটি ট্রেলারের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় গুরুতর মাথায় আঘাত পায় পাখি। স্থানীয়রা উদ্ধার করে তাকে দ্রুত পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত হয়েছেন পাখির মা সুমিত্রাদেবীও। তিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পরিবারের সদস্য শ্রাবণ দাস জানান, কয়েকদিনের জন্য মেয়েদের নিয়ে বাপেরবাড়ি যাচ্ছিলেন সুমিত্রাদেবী। আচমকাই দুর্ঘটনার খবর আসে। ছোট মেয়েটি অক্ষত থাকলেও বড় মেয়েকে আর বাঁচানো যায়নি।
একই বাসে ঝাড়খণ্ডের টাটায় ফিরছিলেন কাজল মুর্মু, লতিকা হাঁসদা ও দুখী মাণ্ডি। তাঁরা জানান, বাসটি শুরু থেকেই অত্যন্ত দ্রুত গতিতে চলছিল। কাজল মুর্মু বলেন, “আমি পিছনের সিটে ছেলেকে নিয়ে বসেছিলাম। আচমকা ধাক্কা লাগতেই বুঝতে পারি বড় দুর্ঘটনা হয়েছে। ছেলেকে বাঁচাতে মাথা নিচু করে কোলে চেপে রাখি। আমার মাথায় চোট লেগেছে, তবে ছেলে বেঁচে গেছে।”
অন্যদিকে, লতিকা হাঁসদা ও দুখী মাণ্ডির দাবি, বাসে বসার জায়গা না পেয়ে তাঁরা গেটের কাছেই দাঁড়িয়ে ছিলেন। তাঁদের কথায়, “বাসটা খুব জোরে যাচ্ছিল। কান্টাডি পেরনোর পর উল্টো দিক থেকে আসা ট্রেলার সজোরে ধাক্কা মারে। বাসের সামনের অংশ দুমড়ে যায়। সামনে থাকা ছোট মেয়েটির অবস্থা দেখে শিউরে উঠেছি।”
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে নামেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে পাঠায়। ঘটনার তদন্ত শুরু করেছে আড়ষা থানার পুলিশ। পাশাপাশি, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে বাস ও ট্রেলারের চালকদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।
আক্রান্ত তৃণমূল সাংসদ মিতালি বাগ, হাসপাতালে দেখতে গেলেন অভিষেক